বিরতিহীন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজ্ঞাপনের জন্য নাটক কিংবা কোনো অনুষ্ঠান ঠিকমতো দেখতে পারি না—এটা কিন্তু এখন একটা সাধারণ অভিযোগ। যখন দর্শকের মুখোমুখি হচ্ছি, তখনই এই অভিযোগটা শুনতে হচ্ছে। শুধু দর্শক নয়, নির্মাতা ও শিল্পীদেরও সব সময় একই অভিযোগ। আর এই অভিযোগের কারণে এখন অনেক দর্শক টিভির ভালো নাটক কিংবা অনুষ্ঠান দেখার ব্যাপারে আগ্রহী হচ্ছে না। এই দর্শকদের কথা বিবেচনা করেই আমরা এখন থেকে সপ্তাহে অন্তত একটি এক ঘণ্টার নাটক কোনো বিজ্ঞাপন ছাড়াই দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।’ বললেন দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী। দেশ টিভিতে আজ থেকে প্রতি বৃহস্পতিবার রাতে কোনো বিজ্ঞাপন ছাড়াই একটি নাটক দেখানো হবে। সময়টা হলো রাত ১১টা ৫৫ মিনিট। এত রাতে নাটক দেখানোর কারণ জানতে চাইলে পারভেজ চৌধুরী বলেন, ‘সপ্তাহ শেষের রাতে প্রায় সব দর্শকই টিভিতে একটি ভালো অনুষ্ঠান দেখতে চায়। পরদিন সকালে অফিসে যাওয়ার তাড়া না থাকায় একটু রাত করে অনেকেই ঘুমাতে যায়। আমরা মনে করি, এই দর্শকেরা কোনো বিজ্ঞাপন কিংবা অন্য কোনো বিরতি ছাড়া একটি নাটক বেশ ভালোভাবেই উপভোগ করবে।’‘বিরতিহীন নাটক’ সময়ে আজ দেখানো হবে রোদ মেখো সূর্যমুখী। নাটকটি পরিচালনা করেছেন মাসুদ হাসান। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, বন্যা মির্জা, সজল প্রমুখ।