বিরসাকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরের ছবিটি দেশনাটক-এর বিরসাকাব্য নাটকের। নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনা দিয়েছেন শামসুল আলম বকুল। ছবিতে নাজনীন চুমকী আর বন্যা মির্জাকে দেখা যাচ্ছে। এখানে নাজনীন চুমকীর চরিত্রের নাম পরমী। নাটকটির ছবির দৃশ্যের কথা বলতে গিয়ে চুমকী বলেন, ‘দৃশ্যটি আনন্দের। আমাদের জাতিসত্তা মুণ্ডা। জমিদার, জোতদাররা আমাদের ওপর নানাভাবে অত্যাচার-অবিচার করছে। একটা সময় আমাদের মধ্য থেকেই অত্যাচারের বিরুদ্ধে বিরসার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলন ঠেকানোর জন্য জমিদার বিরসাকে ধরিয়ে দেয়। কিন্তু আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিরসা মুক্তি পায়। মুক্তির দিনে আমরা সবাই নেচে-গেয়ে আনন্দে মেতে উঠি। সে রকম একটা দৃশ্য ছবিতে দেখা যাচ্ছে। নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের কথা বলতে গিয়ে চুমকী বলেন, ‘নাটকটি অনেক পুরোনো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০১ সালে আবার মঞ্চে আসে। সেবারই আমি নাটকটিতে প্রথম কাজ করি। আমাদের মহড়া হতো ইস্কাটন গার্ডেন বালক বিদ্যালয়ে। অনেক বড় টিম নিয়ে কাজ হতো। মহড়া করতে গিয়ে অনেক ঘটনাও ঘটত। যেহেতু নাটকটি ছিল মুণ্ডা জাতি নিয়ে, তাই তাদের গেটআপ আনার জন্য বিভিন্ন ধরনের গেম হতো। একদিন পিঠে ভার বহনের একটা গেম করতে বলা হলো। আমি একটু ফাঁকি দেওয়ার জন্য টিমের সবচেয়ে ছোটখাটো গোবিন্দ নামের একজনকে পিঠে নিয়ে বহনের জন্য জুটি করলাম, যাতে সহজে বহন করা যায়। কিন্তু পিঠে তুলে নেওয়ামাত্রই পড়ে গেলাম। ওর যে এত ভার, তা ওর শারীরিক গঠন দেখে বোঝারই উপায় নেই। গোবিন্দ গিয়ে পড়ল মেঝেতে। মাথায় প্রচণ্ড আঘাত পেল। ভাগ্যিস, মাথা ফাটেনি। নাটকটির জন্য যেসব গয়না দরকার হয়েছিল, সবগুলো আমি আর গোবিন্দ মিলে মাটি দিয়ে তৈরি করেছিলাম। তা আবার পুড়িয়ে টেকসই করা হয়েছিল এবং নিজেরাই শাঁখারীবাজার থেকে রং এনে তাতে লাগিয়ে ছিলাম।’নাজনীন চুমকী আরও জানান, ওই সময় দেশ নাটকের উদ্যোগে গণগ্রন্থাগার মিলনায়তনে ‘ছুঁয়ে যাব অসীম আকাশ’ স্লোগান নিয়ে সাত দিনের উৎসব হয়। উৎসবেই নাটকটি নতুন করে মঞ্চে এনে প্রথম উদ্বোধনী হয়।