
রাত আটটা ২৮ মিনিটে কান্না সংক্রমিত হলো সবার মধ্যে। একটু আগে যাঁরা ফুঁপিয়ে কাঁদছিলেন, তাঁরা এখন হুহু করে কাঁদছেন। ফিরোজা বেগমের তিন ভাইও আর নিজেদের সামলে রাখতে পারলেন না। অ্যাপোলো হাসপাতালের তৃতীয় তলার আইসিইউর সামনে শোকার্ত স্বজনদের বুকফাটা কান্না। ফিরোজা বেগম চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নজরুলসংগীতের মুকুটহীন সম্রাজ্ঞী আর নেই।
ছেলে হামিন আহমেদ আর শাফিন আহমেদকে খুঁজি। তাঁরা তখনো আইসিইউতে, মায়ের পাশে। ফিরোজা বেগমের তিন বোন মরিয়ম বেগম, বেগম শামসুন্নাহার ও রিজিয়া বেগম; তিন ভাই আনিসুদ্দৌলা, আসাফুদ্দৌলা ও মশিউদ্দৌলার কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তখন সান্ত্বনা দিচ্ছেন তাঁদের।
এখানে, ফিরোজা বেগমের মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমি ফিরে যাই দুই সপ্তাহ আগের একটি দিনে। হামিন ফোন করে বললেন, ‘আম্মার শরীরটা কয়েক দিন ধরে ভালো যাচ্ছে না। কিন্তু খবরটা কীভাবে জানানো যায় দেশবাসীকে?’ আমি বললাম, কদিন পরই কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। আমরা তাঁর সাক্ষাৎকার নিতে পারি। সাক্ষাৎকারের মধ্যেই শারীরিক অবস্থার কথা থাকবে। শুনে হামিন খুশি হলেন। বললেন, ‘তুমি তৈরি হও, আম্মাকে রাজি করাচ্ছি।’ পরদিনই হামিন নিজেই ফোন করে জানালেন, ‘মা রাজি হয়েছেন। বেলা ১১টায় চলে এসো।’
রাজধানীর ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টের একতলায় তাঁর সাক্ষাৎকার নিয়েছিলাম। সাক্ষাৎকার নিয়ে বের হওয়ার সময় আমার ইচ্ছার কথাটা জানিয়েছিলাম তাঁকে। বলেছিলাম, আমাদের সম্পাদক মতিউর রহমান বলেছিলেন আপনার সঙ্গে আরও কয়েকবার বসতে। আপনার কাছে অনেক অজানা ইতিহাস জমে আছে। একদিন তা কাজে লাগবে। শুনে হাসলেন তিনি। রাজি হলেন। বললেন, ‘আমি তো বলতেই চাই। কিন্তু কেউ কথা বলতে আসে না। সেসব কথা কেউ শুনতেও চায় না। তুমি আসতে পারবে? আমার শরীর ভালো না থাকলে কিন্তু তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে।’ আমি রাজি হলাম। বিদায় নেওয়ার সময় বলেছিলেন, ‘হামিনের সঙ্গে কথা বলে দিনটা ঠিক করে নিয়ো।’
এরপর তাঁর সঙ্গে আর কথা হয়নি। পরদিনই হামিন ফোন করে জানালেন, মা মনে হয় এভাবে আর কারও সঙ্গে কথা বলতে পারবেন না।
নজরুলের মৃত্যুদিবসে প্রথম আলোর আনন্দ পাতায় ছাপা হওয়া আমার নেওয়া সেই সাক্ষাৎকারটিই ছিল ফিরোজা বেগমের শেষ সাক্ষাৎকার।
হঠাৎ হামিন আর শাফিনের কান্নার আওয়াজে ফিরে আসি বর্তমানে। ঘড়িতে তখন আটটা ৪০। হামিন আর শাফিনকে জড়িয়ে ধরে স্বজনেরা কাঁদছেন। শাফিন বললেন, ‘আম্মা নিজেই বলে গেছেন বনানীতে আব্বার (কমল দাশগুপ্ত) কবরের পাশে তাঁকে কবর দেওয়ার জন্য।’
কান্নার আওয়াজ একটু কমে আসছে। সবাই ভাবছে ফিরোজা বেগমের শেষযাত্রার প্রস্তুতির কথা। শেষটা যে আজকেই হতে পারে, সে শঙ্কা ছিল চিকিৎসকদের মনে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকেই অ্যাপোলো হাসপাতালের তৃতীয় তলার আইসিইউর সামনে বসার জায়গাটিতে ভিড় বাড়ছিল। আমি যখন পৌঁছলাম, তখন হামিন জানালেন, সকালেই বড় ভাই তাহসীন আহমেদকে মায়ের অসুস্থতার খবর জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকেন তিনি। সকাল থেকেই দেশে ফেরার চেষ্টা করছেন তাহসীন।
আইসিইউর ভেতরে গিয়ে, বাইরে অপেক্ষা করে ফিরোজা বেগমের জীবনের শেষ কয়েকটি ঘণ্টায় তাঁর কাছাকাছি ছিলাম আমি। একধরনের অসহায়ত্ব ঘিরে ধরছিল আমাকে। বুঝতে পারছিলাম, আর কথা বলা হবে না তাঁর সঙ্গে।
গতকাল সন্ধ্যা ৬.৩০ থেকে যা যা ঘটছিল, তা টুকে রাখছিলাম। ঠিক সে সময় নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও শাহীন সামাদ আইসিইউ থেকে যখন বের হলেন, দুজনের চোখই ছিল ভেজা। ফাতেমা তুজ জোহরা বললেন, নজরুলসংগীত শিল্পী সংস্থা ফিরোজা বেগমই গঠন করেছিলেন। তাঁর কথায় সায় দিলেন শাহীন সামাদ। পরে এই সংস্থার নাম হয় নজরুলসংগীত শিল্পী পরিষদ।
৬.৫০ আইসিইউ থেকে একজন চিকিৎসক বেরিয়ে এলেন। তিনি এসে হামিন আহমেদ ও শাফিন আহমেদকে জানালেন, ফিরোজা বেগমের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাঁরা জীবন রক্ষাকারী যন্ত্র ব্যবহার করার ব্যাপারে আলোচনা করলেন।
৬.৫৩ চিকিৎসক ফিরে গেলেন আইসিউইতে।
৭.০২ চিকিৎসক আবার এসে হামিন, শাফিন ও ফিরোজা বেগমের তিন ভাইকে নিয়ে আইসিইউর ভেতরে গেলেন। জীবন রক্ষাকারী যন্ত্রের ব্যবহার নিয়ে আলোচনা করলেন আবার। আইসিইউর বাইরে তখন বোনেরা, তাঁদের ছেলেমেয়েরা।
৭.১৭ আসাফুদ্দৌলা আইসিইউ থেকে বেরিয়ে এলেন। স্ত্রীর কানে কানে কিছু বললেন, এর পরই আশপাশের সবাই কাঁদতে শুরু করলেন।
৭.২০ হামিন, শাফিন আইসিইউ থেকে বেরিয়ে এলেন। শাফিন বললেন, আম্মার শরীরের এই অবস্থায় জীবন রক্ষাকারী যন্ত্র নেওয়া হবে না।
৭.২৫ মমতাকে (বাড়ির কাজের সহযোগী) বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বললেন হামিন। মমতা বাড়ি গিয়ে কী করবে, সেই পরামর্শ দিলেন।
৭.৩৭ আসাফুদ্দৌলা, তাঁর স্ত্রী আইসিইউতে ঢুকলেন। ঢুকলেন বোনেরা, অন্য ভাইয়েরাও।
৮.০৭ চিকিৎসক হামিন, শাফিনকে আবার ভেতরে ডেকে নিয়ে গেলেন।
৮.১৪ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এলেন। আইসিইউতে ঢুকলেন।
৮.২৮ ফিরোজা বেগম মারা গেলেন।
নেই। ফিরোজা বেগম আর নেই। বাংলাদেশ হারাল তার সুরের রাজ্যের উজ্জ্বল এক নক্ষত্রকে।
ফেরার সময় হলো। হামিন আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘আপনি মায়ের শেষ সাক্ষাৎকার নিয়ে ইতিহাস হয়ে রইলেন।’ আমার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। হামিনকে বলতে পারলাম না, আমি আসলে সাক্ষী হয়ে রইলাম ইতিহাসের এমন এক অধ্যায়ের, যে অধ্যায়টি নতুন করে লিখতে পারলে ভালো হতো। ফিরোজা বেগমের গাওয়া নজরুলের সেই গানটিই আমার সবচেয়ে প্রাসঙ্গিক মনে হতে লাগল—‘এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে...’।
আজ শেষ শ্রদ্ধা: ফিরোজা বেগমের মরদেহ রাখা হয়েছে অ্যাপোলো হাসপাতালের হিমঘরে। আজ সকাল নয়টায় রাজধানীর ইন্দিরা রোডে তাঁর বাসভবন কালিন্দি অ্যাপার্টমেন্টে মরদেহ আনা হবে। বেলা দুইটায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ঘণ্টা খানেক সেখানে রাখা হবে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।