বিরহী গানে মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়/ তোমারে না দেখিলে রাধার জীবন কেমনে রয়, বন্ধু রে’ গানটি গাইলেন সুনামগঞ্জের অশীতিপর সংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে দর্শক-শ্রোতা তন্ময় হয়ে শুনলেন সে গান। কয়েকজন শ্রোতার চোখ ছলছল করছিল রাধারমণের বিরহী গানের সুরের মূর্ছনায়। শত বছর আগে কবি রাধারমণ সাধন ভজনে বিভোর হয়ে গান রচনা করতেন, গাইতেন। গতকাল শিল্পকলা একাডেমীতে দুই প্রজন্মের শিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ ও বিশ্বজিৎ রায় সাধক রাধারমণের গান গেয়ে রাজধানীর নাগরিক শ্রোতাদের বিভোর করেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংক্ষিপ্ত আলোচনার পরে চন্দ্রাবতী রায়বর্মণের অসাধারণ গায়কিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। গান পরিবেশনায় যেন তাঁর অভিজ্ঞতার নির্যাস ঢেলে দেন। এই শিল্পী সংগীতে তালিম নেন তাঁর দিদিমা রাজেশ্বরী দত্তের কাছে। রাজেশ্বরী দত্ত রাধারমণের ভাবশিষ্য ছিলেন। এ ছাড়া সুনামগঞ্জের একই অঞ্চলে জন্ম হওয়ায় অনন্য শ্রদ্ধায় রাধারমণের গান কণ্ঠে ধারণ করেন শিল্পী চন্দ্রাবতী। গানের ফাঁকে ফাঁকে আলাপচারিতায় সে কথাই বলছিলেন শিল্পী। লোকধারার গান করলেও মূলত রাধারমণের গান নিয়েই পথ চলছেন বর্ষীয়ান এই লোকশিল্পী। আর এই আয়োজনে তাঁর সঙ্গে যুক্ত হলেন উত্তর প্রজন্মের শিল্পী বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে শিল্পী চন্দ্রাবতী বর্মণ পরিবেশন করেন ‘আমার বন্ধু দয়াময়’, ‘আজ কেনে প্রাণ কেন্দে কেন্দে ওঠে রে’, ‘আমি উদাসী হইলাম যার লাগিয়া গো’, ‘ঐ নাকি ঐ যায় গো সই নিঠুর কালিয়া’, ‘কিবা রূপে দেখিলাম গো’ এমন আরও কিছু গান। শিল্পী বিশ্বজিৎ রায় গেয়ে শোনান ‘আইজ কেন রে প্রাণের সুবল’, ‘ওরে ও রসিক নাইয়া’, ‘শ্যাম জানি কই রইল গো’, ‘কেমনে আছে কমলিনী রাই’সহ বেশ কয়েকটি গান।