বিরাট শূন্যতা সৃষ্টি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আকবর রুপু
আলী আকবর রুপু

রুপু মামা (আলী আকবর রুপু) আমাদের সংগীতায়ন থেকে একটা অপরিণত বয়সে চলে গেলেন। এটা অনেক বড় ক্ষতি আমাদের জন্য। সার্বিক দৃষ্টিতে বড় এক ক্ষতি। তবে একটা অন্তর্নিহিত ব্যাপার হচ্ছে এই যে গুণী মানুষগুলো চলে যান, তাঁদের নিয়ে আমরা ছোট আলোচনায় বসি। তাঁদের গুণাবলি নিয়ে কথা বলি। কিন্তু তাঁদের সৃষ্টিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা করি না।

বিশেষ করে রুপু মামার ব্যাপারে আমি বলতে চাই। তিনি সংগীত ও সুর আয়োজনের যে রূপকার ছিলেন, সেটা বুঝতে হবে। সে অনুযায়ী তাঁর গান মহড়া করে গাইতে হবে। যেকোনো আয়োজনে শুধু গান গাইলেই চলবে না। তাঁর যে সুর ও সংগীতায়োজন, সুরের সঙ্গে যে সামঞ্জস্য—সেটা বোঝার জন্য নতুন প্রজন্মকে অবশ্যই এক ঘণ্টার অনুষ্ঠান করলে তিন দিন মহড়া করা উচিত। এতগুলো চ্যানেল আছে। তাঁর গান তারা দীর্ঘদিন চালিয়েছে। তিনি বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্তও ছিলেন। তা ছাড়াও বাংলাদেশের একজন সুরস্রষ্টা হিসেবে যতটুকু পাওয়া উচিত, সেই শ্রদ্ধাটুকু দিতে হবে। জীবিত থাকা অবস্থায় হয়তো আমরা সেই মূল্যায়ন করিনি বলে আজকে আমাদের এটি বলতে হচ্ছে।

তিনি আমার দীর্ঘদিনের সহযোগী। আমার ক্যারিয়ারের শুরু থেকেই জড়িয়ে ছিল রুপু। এটা স্বাভাবিক বিষয় যে আমরা জীবিত থাকা অবস্থায় তাঁর গুণ নিয়ে কখনোই কিছু করি না। যেকোনো সম্মান হোক কিংবা তাঁর সাফল্যের কথা হোক—মৃত্যুর পর না হয়ে জীবিত থাকা অবস্থায় তাঁকে মূল্যায়ন করতে পারতাম, তাহলে সৃষ্টির যে আনন্দ সেটি তিনি পেতেন। তাঁর যে সৃষ্টি, তাঁর গানগুলোর যে আয়োজন, যে টিউনের বন্ধন—সেগুলো দিয়েই বোঝা যায় তাঁর উচ্চতা ও দক্ষতা। যেমন ‘একতারা বাজাইও না’, ‘যারে ঘর দিলা’, ‘একদিন কান্নার রোল’, ‘বড় কষ্ট হলো’, ‘এক অনিশ্চয়তা’ ইত্যাদি গান। ‘তুমি ভুল করে এসেছিলে’—লাকী ভাইয়ের গান। এই গানটায় একটা সঞ্চারী ছিল। আমরা তো সাধারণত দুটি অন্তরার গান গাই। এই সঞ্চারীতে তিনি যেভাবে ইন্টারলুডকে ঘুরিয়ে আবার সেকেন্ড ইন্টারলুডে নিয়ে যান এটা ছিল অসাধারণ। এখন তো ইন্টারলুড ছুটেই গেছে। হয়তো কোনো একটা কাটিং পিস লাগাচ্ছি। আর রুপু অর্থের জন্য কাজ করেননি। প্রচারের পেছনে দৌড়াননি। ছিলেন প্রচারবিমুখ নিভৃতচারী সংগীতের মানুষ। একটা ঘটনা বলি—একটা গান নিয়ে বসলাম। বললাম, ‘মামা, আমার তো কথা অনুযায়ী সুরটা মজা লাগছে না।’ তো অভিমানের সুরে বললেন, ‘আমাকে দিয়ে হবে না। অন্য কাউকে দিয়ে করিয়ে নে।’ এমন শিশুসুলভ ছিলেন তিনি।

আমরা খুব অসময়ে অনেক বেশি গুণী মানুষকে হারালাম। তাঁদের স্থলাভিষিক্ত কিন্তু আমরা করতে পারছি না। আমার মনে হয় এই গুণী মানুষগুলোর সৃষ্টি আমাদের জন্য বিশাল একটা সম্পদ। আমাদের সম্পদ যদি আমরা সংগৃহীত করতে না পারি, নতুন প্রজন্ম ইতিহাসও জানতে পারবে না। তাঁদের একটা অপ্রাপ্তি হবে। এতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হচ্ছে।

পূর্ণাঙ্গ শিল্পী হয়তো এ রকমই হন। যাঁদের সংসার, অর্থ, জীবনের প্রতি আগ্রহ কম থাকে। প্রচারবিমুখ ও নিভৃতচারী হয়ে জীবনটা পার করেন। সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে গিয়ে শিল্পের পেছনে জীবনটা উৎসর্গ করেন। রুপু ছিলেন এমনই একজন নিভৃতচারী মানুষ।

লেখক: সংগীতশিল্পী