বিল গেটস-আমির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারত সফরে এসেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। গত ২৯ মে তিনি বলিউডের অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করে নানা বিষয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। সফরের প্রথম দিনই তিনি সাক্ষাত্ করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে। আমিরের সঙ্গে পছন্দের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলার সুযোগ পেয়ে বিল গেটস দারুণ খুশি। দাতব্য, স্বাস্থ্য, ভারতের উন্নয়নসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন আমিরের সঙ্গে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এ প্রসঙ্গে বিল গেটস তাঁর ব্লগে লিখেছেন, ‘নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি) চ্যানেলের একটি অনুষ্ঠানের দৃশ্য ধারণের সময় বলিউডের তারকা আমির খানের সঙ্গে কথা হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক দাতব্য, স্বাস্থ্য, ভারতের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে এবং আমিরকে প্রশ্ন করেছেন। স্টুডিওতে উপস্থিত দর্শকদের সামনে আমরা সেসব প্রশ্নের জবাব দিয়েছি।’ বিল গেটস আরও লিখেছেন, ‘বিভিন্ন রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তা নিরাময়ে স্যাটেলাইট প্রযুক্তি কীভাবে সাহায্য করছে, তা নিয়ে আমিরের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে আমার। উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা নিয়েও আমরা কথা বলেছি।’ ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেছেন বিল গেটস। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সেবামূলক ও দাতব্য কাজের সঙ্গে সম্পৃক্ত। বিল গেটস জানিয়েছেন, ‘গেটস ফাউন্ডেশন যেসব সমস্যার সমাধান করতে চায়, তা প্রয়োগের আদর্শ জায়গা হলো ভারত।’এর আগে ২৯ মে বিল গেটস তাঁর ব্লগে লিখেছিলেন, ‘বলিউডের তারকা ও সমাজকর্মী আমির খানের সঙ্গে আমি দেখা করতে চাই। তিনি ইউনিসেফের শিশুপুষ্টি-বিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ কার্যক্রম সম্পর্কে জানতে চাই আমি। এ ছাড়া “সত্যমেভ জয়তে” টিভি অনুষ্ঠানের মাধ্যমে ভারতে বিদ্যমান নানা সামাজিক অসংগতি তুলে ধরেছেন তিনি। সাহসী এ কাজটি সম্পর্কে তাঁর মুখ থেকেই সবকিছু শুনতে চাই। আমি ভাগ্যবান হলে সামনাসামনি আমিরের নাচ দেখার সুযোগও পেয়ে যেতে পারি।’