বিলকিস, অজিত, মৃদুলকান্তির জন্য ছায়ানটের ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতের প্রবীণ শিল্পী বিলকিস নাসিরুদ্দিন, বিশিষ্ট গণসংগীত ও রবীন্দ্রসংগীতশিল্পী স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক অজিত রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুলকান্তি চক্রবর্তীর সঙ্গে ছায়ানটের ছিল হূদয়ের সম্পর্ক। ছায়ানটের প্রতিনিধিরা সদ্য প্রয়াত এ তিন সুহূদকে স্মরণ করলেন ভালোবাসা ও শ্রদ্ধায়।গতকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে বক্তা ও শিল্পীরা স্মৃতিচারণায়, গানে এ তিন শিল্পীকে স্মরণ করেন। অনুষ্ঠানে ছিল না কোনো বাড়তি আড়ম্বর। সবাই এসেছিলেন প্রাণের টানে।অনুষ্ঠানে বক্তব্য এবং তিনজনের উদ্দেশে শিল্পীদের গাওয়া গানের ফাঁকে বিলকিস নাসিরুদ্দিন, অজিত রায় ও মৃদুলকান্তি চক্রবর্তীর কণ্ঠের গানগুলো বাজিয়ে শোনানো হয়। এতে করে গানের জগতে এ তিনজনের উপস্থিতি কতটা জরুরি ছিল, তরুণ প্রজন্ম তা যেন নতুন করে উপলব্ধি করে। অনুষ্ঠানে বিলকিস নাসিরুদ্দিনের সঙ্গে ছায়ানটের আলাপচারিতার একটি ভিসিডিও দেখানো হয়।ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন ছায়ানটের সাধারণ সংসদ সদস্য বিলকিস নাসিরুদ্দিন, গণসংগীতের শিল্পী, সুরকার ও ছায়ানটের সংগীত বিদ্যায়তনের শিক্ষক অজিত রায় এবং এ বিদ্যায়তনের আরেকজন শিক্ষক মৃদুলকান্তি সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।সন্জীদা খাতুন বলেন, ‘ছায়ানট ভবন তৈরির সময় প্রথম কোদালের কোপটি দেন বিলকিস আপা। সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলেও আপা হার মানেননি। ছায়ানটের শ্রোতার আসরে গান গেয়ে তিনি হারানো ও ভুলতে বসা সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা চালাতেন। আপা বাংলা পড়তে পারলেও লিখতে পারতেন না। রবীন্দ্রসংগীতগুলো লিখতেন রোমান হরফে। কিন্তু গানগুলো গাইতেন হূদয়ের গভীর উপলব্ধি থেকে। কেননা, তাঁর গুরু সন্তোষ সেনগুপ্ত সেভাবেই তাঁকে শিখিয়েছিলেন। তিনি আগাগোড়াই আছেন আমাদের সঙ্গে।’অজিত রায়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক ও অন্যান্য স্মৃতিচারণার পাশাপাশি সন্জীদা খাতুন খানিকটা ক্ষোভ নিয়েই বলেন, ‘মৃদুলের চলে যাওয়ার সময় হয়নি। চিকি ৎ সকের অবহেলা এবং খানিকটা নিজের প্রতি অত্যাচার ও উদাসীনতার কারণে তাঁকে চলে যেতে হয়েছে।’ছায়ানটের সহ-সভাপতি সারওয়ার আলী বলেন, বাংলার স্বাধীনতা আনার জন্য রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনে মানুষকে জাগিয়ে তোলার গানের প্রয়োজন দেখা দেয়। রংপুরের তরুণ অজিত রায় সামান্য রসদ নিয়ে কাজটি শুরু করেন। পরে বিভিন্ন কবিতায় সুর দেন। তাঁর মৃত্যু দেশের গণসংগীত ও রবীন্দ্রসংগীতের ক্ষেত্রে বড় ক্ষতি। ছায়ানটের শিক্ষার্থীদের সে ক্ষতি পূরণে এগিয়ে আসতে হবে।প্রাবন্ধিক মফিদুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুলকান্তির বিশেষ অবদান ছিল বৈষ্ণব ও সুফি ধারায় সম্মিলন ঘটানো। বাংলা গানের সঙ্গে পাশ্চাত্য সংগীতের তুলনামূলক আলোচনা, লোকগান গাওয়ার জন্য নতুন যন্ত্রের উদ্ভাবন, গান নিয়ে বই লেখাসহ বিভিন্ন কাজ করার কারণেই অনুজ হলেও মৃদুলকান্তিকে সম্মান করতাম।’অনুষ্ঠানে ইফফাত আরা দেওয়ান, বিমানচন্দ্র বিশ্বাসসহ অন্য শিল্পীরা গান গেয়ে শোনান।