বিলকিস বানুর ’৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যিকার বিচারে এটিই সেলুলয়েডে তাঁর প্রথম অভিযান। ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় পা রাখার প্রস্তাব এসেছে বহু আগেই। কিন্তু গেরিলার বেলায় এসেই কেবল সেই প্রস্তাবে সাড়া দিতে রাজি হয়েছেন জয়া আহসান। কারণ শুধুই একাত্তরের বিলকিস বানু। দারুণ সাহসী আর শক্তিশালী এক চরিত্র বিলকিস। আবার একই সঙ্গে ভীষণ মায়াবতী আর মুক্তমনাও। সামান্য এক চাকরিজীবী গৃহবধূ থেকে বিলকিস হয়ে ওঠে অসম সাহসী একজন। একাত্তরের পটভূমিতে তাঁর পরিণতিটাও মনে দারুণভাবে দাগ কাটে। সব মিলিয়ে বিলকিসের মাঝে মিশে গিয়েছিলেন জয়া। নিজেকে ছাড়িয়ে শতভাগ বিলকিস বানু হয়ে ওঠার যুদ্ধটাও তাই জয়া লড়তে চেয়েছেন অন্তর দিয়ে।জয়া আহসান বলছিলেন, ‘আমার প্রথম পরীক্ষাটা ছিল ওজন বাড়ানোর। বিলকিস চরিত্রে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য ছয়-সাত কেজি ওজন বাড়ানোর দরকার ছিল। মনে আছে, শুটিং ইউনিটে থাকার সময় গাদা গাদা খাবার আসত আমার জন্য। বিশেষ খাবারের মধ্যে ছিল আম। গোগ্রাসে গিলেছি শুধু ওজন বাড়ানোর জন্য।’দৃশ্যায়নের ধারাবাহিকতা রক্ষার জন্য দিনের পর দিন থাকতে হয়েছে একই পোশাকে। কাপড় ধোয়ার উপায় নেই। শুঁটকির গুদামে শুটিং হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। অসুস্থ হয়ে পড়েছেন একাধিকবার, কিন্তু হাল ছাড়ার উপায় নেই। এর চেয়েও নিকৃষ্ট জায়গায় শুটিং করার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে ছিল। গেরিলা করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝেছেন বড় পর্দার হিসেব-নিকেশ অন্য। ‘এখনকার আর একাত্তর সালের মানুষ আলাদা। সবচেয়ে কঠিন পরীক্ষা মনে হয়েছে সেই একাত্তর সালের একজন হয়ে ওঠাটা। একাত্তরের সেই দিনগুলো অন্তর থেকে অনুভব করা।’ বলছিলেন জয়া আহসান।