
বিলবোর্ডের গানগুলো যেন কেমন! একবার একটা ভালো অবস্থান পেল তো আর ছাড়াছাড়ি নেই। নাছোড়বান্দার মতো নিজ নিজ অবস্থান ধরে বসে থাকে। যেমন ধরুন ফ্যারেল উইলিয়ামসের হ্যাপি, সেই যে বছর শুরুতে নিজের জনপ্রিয়তার গাড়ি নিয়ে চলা শুরু করল, তারপর মুভির সাদা পর্দা থেকে অস্কারের স্টেজ, ইউটিউবের ছোট পর্দা, লাখো শ্রোতার কাছে মিলিয়ন কপি বিক্রি এবং টানা ১০ সপ্তাহ বিলবোর্ড টপচার্ট রাজত্ব করে এইবার, এতক্ষণে যেন অন্যদের একটু সুযোগ দিল।
জন লিজেন্ডের ‘অল অব মি’, ‘হ্যাপি’কে টপকে এখন বিলবোর্ডের শীর্ষে। ৩১ সপ্তাহ ধরে চার্টে থেকে কচ্ছপ গতিতে এগিয়ে গানটি প্রথম স্থানে এসেছে। ‘হ্যাপি’র মতো স্পটলাইটের ঝলকানি না পেয়েও ‘অল অব মি’ নিজের আলোয় নিজের অস্তিত্ব যেন জানান দিল।
বিলবোর্ডের মেট্রিকগুলোর জটিল হিসাব-নিকাশে দেখা যায়, এই দুই গানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সমালোচক এবং অন্য বোদ্ধাদের মতে, জনপ্রিয়তার বিচারে এই দুই গানের ফারাক মাত্র একচুল পরিমাণ।
ডেস্পিকেবল মি-২র তকমা নিয়ে হ্যাপি অনেক মঞ্চ কাঁপিয়েছে। গানটি নিয়ে আবার ২৪ ঘণ্টা ব্যাপ্তির ভিডিও ছাড়া হয়েছে৷ অন্যদিকে, দুনিয়াজোড়া শ্রোতারা হ্যাপিকে ভালোবেসে নিজেরা মিউজিক ভিডিও তৈরি করে আপলোডও করেছে। ফ্যারেলের গার্ল অ্যালবামের এই বিখ্যাত গানটি বিলবোর্ডের দ্বিতীয় স্থানে থাকলেও অন্য প্রায় কুড়িটি দেশের দুই কুড়ি মিউজিক চার্টের প্রথম স্থানে অবস্থান করছে।
এবার পরিচিত হই বিলবোর্ডের অন্য বাসিন্দাদের সঙ্গে:
অস্ট্রেলিয়ান হিপহপ শিল্পী ইগি আজালিয়ার ‘ফ্যান্সি’ আছে এই সপ্তাহে তৃতীয় স্থানে। বিলবোর্ডে জায়গা করে নেওয়া এটিই আজালিয়ার প্রথম গান, ‘আই এম সো ফ্যান্সি’ যেন সেই উৎফুল্লতা প্রকাশ করে।
আরিয়ানা ফিচারিং আজালিয়ার গান ‘প্রবলেম’ এই সপ্তাহে তৃতীয় থেকে চতুর্থ অবস্থানে এসে নেমেছে। ‘ফ্যান্সি’ আর ‘প্রবলেম’ দুই গানেই আজালিয়ার কণ্ঠের স্পর্শ আছে, একটায় প্রধান, অন্যটায় সহযোগী।
কেটি পেরির ‘ডার্ক হর্স’ আস্তে আস্তে যেন রেস থেকে ছিটকে পড়ছে। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও এটি পঞ্চম স্থান দখল করে টিকে আছে।
সাফিবিনদোহা