বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে যাঁরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্টারনেটিভ রক ব্যান্ড ‘ইমাজিন ড্রাগনস’
অল্টারনেটিভ রক ব্যান্ড ‘ইমাজিন ড্রাগনস’

গানের দুনিয়ার খবর রাখেন আর বিলবোর্ড ম্যাগাজিনের নাম জানেন না, এমন মানুষের খোঁজ বোধ হয় আতশকাচ দিয়েও মিলবে না। নিয়মিতভাবে আন্তর্জাতিক গানের বাজারের বিভিন্ন তথ্য আর এক ঝলকে সপ্তাহের সেরা গানগুলোর খবর পেতে বিলবোর্ড টপ চার্টই বেশির ভাগ সংগীতপ্রেমীর ভরসা। শুধু গানের খোঁজ নয়, শিল্পীদের উৎসাহিত করতে সেই ১৯৮৭ সাল থেকে বিলবোর্ড দিয়ে আসছে ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’ নামের একটি পুরস্কার। এবারের আসর বসবে মে মাসের ১৮ তারিখ, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায়। এই কয়েক দিন আগেই, এপ্রিলের ৯ তারিখে রেডিও অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে পপতারকা জেসন ডেরালো প্রকাশ করলেন মনোনয়ন যাঁরা পেয়েছেন তাঁদের নাম। নিউজিল্যান্ডের গায়িকা লরডে এবারের গ্র্যামিতেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন, ‘রয়ালস’ গানটি দিয়ে জিতে নিয়েছিলেন গ্র্যামিতে বছরের সেরা গানের পুরস্কার। বিলবোর্ডেও তাঁর জয়জয়কার, ১৭ বছর বয়সী তারকা প্রথমবারের মতো পেয়েছেন মনোনয়ন, তাও আবার ১২টি ক্যাটাগরিতে। অল্টারনেটিভ রক ব্যান্ড ‘ইমাজিন ড্রাগনস’ও পিছিয়ে নেই, তারাও পেয়েছে ১২টি মনোনয়ন। তাদের গান ‘রেডিওঅ্যাকটিভ’ রেকর্ড সৃষ্টি করে টানা ৭৭ সপ্তাহ ছিল বিলবোর্ড টপ হানড্রেডের তালিকায়। এই দৌড়ে আরও এগিয়ে আছেন জাস্টিন টিম্বারলেক, কেটি পেরি এবং ম্যাকলেমোর ও রায়ান লুইসের মতো তারকারা। তাঁরা পেয়েছেন যথাক্রমে ১১টি, ১০টি ও ৮টি করে মনোনয়ন। তালিকায় আরও আছে ব্রুনো মার্স, বিয়োনেস, রিয়ানা, মাইলি সাইরাস, এমিনেম, ড্রেকের মতো তারকাদের নাম। বছরটা মাতিয়ে রাখা ফ্যারেল উইলিয়ামসের গান ‘হ্যাপি’, গ্র্যামিতে তাক লাগানো ইলেকট্রনিক ব্যান্ড ডাফট পাঙ্কও পেয়েছে মনোনয়ন।

নিউজিল্যান্ডের গায়িকা  লরডে
নিউজিল্যান্ডের গায়িকা লরডে

এই বছর পুরস্কার দেওয়া হবে ৪০টি ক্যাটাগরিতে। গ্র্যামি বা অন্যান্য সংগীত পুরস্কারগুলোর মতো সর্বোচ্চ সংখ্যক ভোটের ওপর ভিত্তি করে নয়, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে মনোনয়ন দেওয়া হয় শ্রোতাদের প্রতিক্রিয়া, অ্যালবাম বা গানের বিক্রয়, রেডিওতে গানের জনপ্রিয়তা, ভ্রমণ, স্ট্রিমিং, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন: ফেসবুক, টুইটার, ইউটিউব, ভিভোসহ অন্যান্য অনলাইন মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ—এসবের ওপর ভিত্তি করে। এবারের আসরে পারফর্ম করবেন লুক ব্রায়ান, জেসন ডেরালো, জন লিজেন্ড এবং রক ব্যান্ড ওয়ান রিপাবলিক ও ইমাজিন ড্রাগনস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন নেটওয়ার্ক।
নাজিয়া শারমিন