বিলম্বে সম্মানী, ফেসবুকে অভিনেত্রীর পোস্ট

গত ঈদুল আজহায় নির্মিত হয়েছিল সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কুসুম কুসুম প্রেম’। পলাশ মাহবুবের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। নাটক প্রচারের মাস পেরিয়ে গেলেও এখনো সেই নাটকের সম্মানী পাননি তিনি। এ নিয়ে আক্ষেপ করে তা লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
আজ মঙ্গলবার সকালে মিঠু ফেসবুকে লিখেছেন, ‘ঈদের আগে এনটিভিতে প্রচার হয় ৭ এপিসোডের কুসুম কুসুম প্রেম নাটকটি। আজও পেমেন্ট পাই নাই। বিখ্যাত টেলিহোম এই নাটকটির প্রযোজক। এই বিখ্যাত বেনারের (ব্যানারের) ধারাবাহিকের কাজ আগামীকাল থেকে শুরু। আমার ইচ্ছে করছে না ওই বেনারের কোনো কাজ আমি করি। কারণ, আমি একজন অভিনেত্রী, আমার পারিশ্রমিক আকাশচুম্বী নয়। সেইখানে যদি ৩/৪ মাস পরে ওই বেনার আমাদের পেমেন্ট দেয় তাহলে আমাদের অবস্থাটা কী দাঁড়ায়? আমি আগামীকাল যদি কাউকে ফাঁসিয়ে দেই, খুব অন্যায় হবে কি?’
পোস্টটির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে এই অভিনেত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি প্রযোজনা প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করিনি। আমার সঙ্গে কথা এবং কাজ হয় পরিচালকের। তাঁকে বারবার বলেছি। তিনি আজ দেবেন, কাল দেবেন বলে ঘোরাচ্ছেন। আমরা তো অভিনয় করেই চলি। আমাদের দিকটা তাঁদের ভাবা দরকার।’
পরিচালক আবু হায়াত মাহমুদ এ প্রসঙ্গে বললেন, ‘যত দূর শুনেছি, টেলিহোমের হিসাব বিভাগের কর্মকর্তারা এই মুহূর্তে ছুটিতে আছেন। এ কারণে একটু দেরি হয়েছে। আগামী সপ্তাহে ওনার সম্মানী দেওয়ার কথা।’ টেলিহোমের স্বত্বাধিকারী আলী বশির জানালেন, সবার ব্যাংক হিসেবে টাকা পাঠিয়ে দেন তাঁরা। শুধু ফারহানা মিঠু তাঁর ব্যক্তিগত গাড়িচালককে পাঠিয়ে নগদ সম্মানী নেন। তাঁদের হিসাব বিভাগ এই দুই মিঠুকে এলোমেলো করে ফেলেছে। এ কারণে একটু দেরি হয়েছে। তিনি বলেছেন, ‘আমার সঙ্গে মিঠু আপার কথা হয়েছে। শিগগিরই এর সমাধান করা হবে।’
এদিকে ‘বৃষ্টিদের বাড়ি’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সেটিও নির্মিত হচ্ছে টেলিহোমের ব্যানারে। এই নাটকটিতেও অভিনয়ের কথা রয়েছে মনিরা মিঠুর।