বিলিয়নিয়ার মাস্কের প্রেমে মজেছেন ক্যামেরন ডায়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলিয়নিয়ার গাড়ি ব্যবসায়ী এলন মাস্কের প্রেমে মজেছেন ‘দ্য মাস্ক’খ্যাত হলিউডের অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। ইদানীং প্রচুর সময় একসঙ্গে কাটাচ্ছেন চল্লিশোর্ধ্ব এই প্রেমিক যুগল।চলতি বছরের শুরুর দিকে মাস্কের তেজলা মোটরস কোম্পানি থেকে একটি শক্তিসাশ্রয়ী স্পোর্টস কার কিনেছিলেন ক্যামেরন। উদ্যোগটা অবশ্য ছিল মাস্কেরই। আকর্ষণীয় রূপ আর ব্যক্তিত্বের জন্য অনেক আগে থেকেই তিনি ক্যামেরনের ফিদা ছিলেন। তিনিই ব্যক্তিগত উদ্যোগে ক্যামেরনের কাছে তেজলা এসইভি মডেলের গাড়িটি বিক্রি করেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। গাড়ি কিনতে গিয়েই মাস্কের সঙ্গে প্রথম পরিচয় হয় ৪০ বছর বয়সী ক্যামেরনের। পরবর্তী সময় নানাভাবে ‘চার্লিস অ্যাঞ্জেলস’ তারকা ক্যামেরনকে পটাতে থাকেন ৪১ বছর বয়সী মাস্ক। শেষ পর্যন্ত তাঁর প্রেমের জালে ধরা দেন ক্যামেরন। এখন তাঁরা প্রচুর সময় একসঙ্গে কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পালো আলতো শহরে অবস্থিত তেজলা মোটরস কোম্পানির হেডকোয়ার্টার থেকে মাস্ক প্রায় প্রতিদিন লস অ্যাঞ্জেলসে ছুটে যাচ্ছেন ক্যামেরনের সঙ্গে দেখা করতে। এর আগে মার্কিন অভিনেতা ও নির্মাতা ম্যাট ডিলন, গায়ক ও অভিনেতা জাস্টিন টিম্বারলেকসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে প্রণয়ে জড়ালেও কারও সঙ্গেই থিতু হতে পারেননি ক্যামেরন। সর্বশেষ ২০১১ সালে মার্কিন বেসবল তারকা অ্যালেক্স রড্রিগজের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন তিনি। মাস্কের সঙ্গে ক্যামেরনের নতুন প্রেম কতদিন টেকে, সেটাই এখন দেখার বিষয়।