নাটক করতে হলে যে যে বিষয়ে জেনে নেওয়া খুব জরুরি, সে বিষয়গুলোর ওপরই আলোকপাত করা হবে নাটকের ক্লাসে। নাটককে জেনে-বুঝে তারপর নাটকের অংশ হওয়ার সুযোগ করে দিতেই এ ক্লাসের আয়োজনমহড়া শুরু হয়নি। নির্দেশক দলের সদস্যদের সঙ্গে সাংগঠনিক কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। এমন সময় প্রবেশ করলেন নাট্যকার। মহড়াকক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে আবহাওয়াটা পাল্টে গেল মুহূর্তের মধ্যেই। নির্দেশক একটা ছোট খোঁচা মারলেন, ‘সেদিন ব্লুপ্রিন্ট, বিল্ডিংকোড, রাজমিস্ত্রি, জোগালি, প্লাস্টার, ফিটার অনেকের কথাই বলে গেলেন। তারপর আর কদিন দেখা নেই।’নাট্যকার সুযোগটা নিলেন, ‘কাজের চাপে এ কদিন আসতে পারিনি, তবে আজকে না আসাটা পুষিয়ে দেব।’ নির্দেশক সুযোগ খুঁজছিলেন, ‘ঠিক, আমরাও এটাই চাইছিলাম, আজকের চা-সিঙাড়াটা তাহলে আপনিই স্পনসর করছেন।’নাট্যকার মৃদু হাসলেন, ‘তথাস্তু। সেদিন যে কথাটা বলতে চেয়েছিলাম তা হলো, পুরো নাটকটা একবারে দেখতে হবে। আর তা সম্ভব কেবল বারবার নাটকটির পাঠের মাধ্যমে। নাট্যকার যে নাটকটি দিয়ে গেছেন তা আসলে কী? ওপর থেকে দেখলে তা কতগুলো কালো অক্ষরের সমষ্টি। কিন্তু যদি একটু গভীরে তাকাই তাহলে যা দেখতে পাই তাকে এখনকার তথ্যবিজ্ঞানের ভাষায় বলতে পারি ডাটা বা উপাত্ত।’ফোঁড়ন কাটলেন নির্দেশক, ‘এখানেও কম্পিউটার?’মৃদু হাসলেন নাট্যকার, ‘উপায় নেই, বিষয়টা একটু খুলে বলি। যেমন ধরুন নাটকের একটা সংলাপ, আমি তোমাকে ভালোবাসি।’পেছন থেকে একজন অভিনেতা বলে উঠল, ‘বেশির ভাগ টেলিভিশন নাটকের নিয়মিত সংলাপ’।অভিনেতার মন্তব্যকে নাট্যকার চমৎকার একটা ক্যাচ বানিয়ে ধরে ফেললেন, ‘ঠিক বলেছেন। শুধু টেলিভিশন না, শত শত মঞ্চনাটকেও এই সংলাপের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সে যা হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম তা হলো, এখানে আমরা পচ্ছি তিনটা ডাটা বা উপাত্ত। একটা হলো, আমি, আরেকটা তোমাকে আর অন্যটা হলো ভালোবাসি। এই উপাত্তগুলোকে ভাষাবিদ বলবেন শব্দ। সে যাই হোক, এই শব্দ, তথ্য-উপাত্ত বা ডাটা যাই বলি প্রতিটি শব্দেরই আলাদা আলাদা অর্থ, রূপ রস গন্ধ বর্ণ আছে। আবার এই শব্দগুলো যখন একটা বাক্যের মাঝে নানা বিন্যাসে বসে তখন এগুলো নানা রকম অর্থ, অনুভূতি বা আবেগের প্রকাশ করে।’পেছনে বসা এক তরুণ অভিনেতা তাঁর চোখ দুটো মাছের মতো খুলে রেখে তাকিয়ে ছিলেন নাট্যকারের দিকে। একসময় সে বলে উঠল, ‘হারিয়ে গেছি আমি।’ তাঁর মন্তব্যে পুরো মহড়াকক্ষে একটা হাসির ঢেউ খেলে গেল। নাট্যকার থামলেন। তরুণ অভিনেতার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন তিনি কী বলতে চান। তরুণটি মুখ খুললেন, ‘এত কিছু বলেছেন যে আমার হারিয়ে যাওয়ার অবস্থা। যদি ধীরে ধীরে আরও খুলে বলেন তাহলে খুব ভালো হয়।’ নাট্যকার এবার একটু ভাবলেন. তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, ‘এক. আমি তোমাকে ভালোবাসি দুই. তোমাকে আমি ভালোবাসি তিন. ভালোবাসি আমি তোমাকে—কী রকম অর্থগুলো পাল্টে গেল। এটা হলো একটা দিক। আবার সংলাপটা কে বলছে, কাকে বলছে, কখন বলছে, কীভাবে বলছে—এসবের ভিত্তিতেও অর্থ, ভাব বা আবেগ পাল্টে যায়। এসব বিষয় নিয়ে আরেক দিন কথা বলা যাবে। আজ শুধু একটা কথাই বলব, তা হলো, নাটকটিকে যদি একটা স্থাপনা হিসেবে দেখি তাহলে শব্দই হচ্ছে এর ক্ষুদ্রতম একক। যাকে বলতে পারি বিল্ডিং ব্লক অর্থাৎ ইট।’অনেকক্ষণ চুপ করে থাকার পর এবার নির্দেশক মুখ খুললেন, ‘আপনি ঠিক বলেছেন। নাটক বিশ্লেষণ আর ব্যাখ্যায় শব্দের ভূমিকা অনেকটা দালানের ইটের মতোই। ছোট ছোট হাজার হাজার ইট দিয়েই তৈরি হয় একেকটা দালান। আমার মনে হয়, প্রতিটি শব্দেরই থাকে দুটো চরিত্র, একটা গোপন আর একটা প্রকাশিত। একটা বাইরে থেকে বোঝা যায়, আরেকটা বিজ্ঞানীর মতো মাইক্রোস্কোপের নিচে ফেলে খুঁজে বের করতে হয়। আর এটা একজন অভিনেতার জন্য জরুরি কাজ।’আলোচনাটা ক্রমাগত জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল, নাট্যকার আকস্মিক হস্তক্ষেপ করে বসলেন, ‘এ বিষয়গুলো নিয়ে আরেক দিন কথা বলা যাবে। এখন বরং মহড়া শুরু করে দিন।’ঘরের সবাই নড়েচড়ে বসলেন।