বিশিষ্ট অভিনেতা বুলবুল আহমেদ আর নেই
বিশিষ্ট অভিনেতা বুলবুল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান নিকেতনে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১।অনেক দিন ধরেই তিনি হূদরোগ, উচ্চরক্তচাপ ও বহুমূত্ররোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।সম্প্রতি তাঁকে কয়েকবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ‘ইয়ে করে বিয়ে’ দিয়ে তাঁর চলচ্চিত্র জীবনের শুরু। এর পরই ‘জীবন নিয়ে জুয়া’ ছবিটি তিনি প্রযোজনা করেন। ওই ছবিতে তিনি অভিনয়ও করেন। তাঁর অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে দেবদাস, সীমানা পেরিয়ে, রুপালি সৈকত, মহানায়ক, শুভদা। আর ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবি দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।তিনি তাঁর জীবনে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কারও পান। তিনি স্ত্রী ডেইজি আহমেদ, দুই মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভসহ অনেক ভক্ত রেখে গেছেন।তিলোত্তমা ও শুভ বর্তমানে বিদেশে আছেন। কাল শুক্রবার তাঁরা দেশে ফিরলে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুমার নামাজের পর আজিমপুরে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে। বর্তমানে লাশ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।