বিশ্ব নাট্য দিবসের বর্ণিল আয়োজন
আজ বিশ্ব নাট্য দিবস। এই দিনটি যৌথভাবে উদ্যাপন করছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ পথনাটক পরিষদ। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, বাংলাদেশ মহিলা সমিতির সামনে থেকে বিশ্ব নাট্য দিবসের শোভাযাত্রা বের হবে আজ রোববার বিকেল চারটায়। শোভাযাত্রা শেষ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্বরে। বিকেলে এখানে নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে বিশ্ব নাট্য দিবসের বিশেষ আয়োজন। এখানে বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করবেন লাকী ইনাম। এবার বিশ্ব নাট্য দিবসের বাণী দিয়েছেন উগান্ডার অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক জেসিফা পাওয়া। বিশ্ব নাট্য দিবসের বক্তব্য দেবেন অধ্যাপক হাসান আজিজুল হক। আলোচনা করবেন কামাল লোহানী, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, সারা আরা মাহমুদ, ঝুনা চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সমিতিকে দেওয়া হবে ‘বিশ্ব নাট্য দিবস সম্মাননা’। আলোচনা শেষে পরিবেশিত হবে নৃত্যানুষ্ঠান। সবশেষে মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কর্ণ কুন্তী সংবাদ। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।