বিশ্ব সংগীত

আশিতেও আশা
বয়স আশি পেরিয়েছে। এখনো আশা ভোঁসলে ভারতের ‘মেলোডি কুইন’। সম্প্রতি সিঙ্গাপুরে গান করতে গিয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুর সব সময়ই আমার কাছে বিশেষ একটা জায়গা। অসংখ্য কনসার্ট করেছি এখানে। কে জানে, হয়তো এটাই সিঙ্গাপুরে আমার শেষ শো।’
তাই বলে ২০টি ভাষায় প্রায় ১২ হাজারের বেশি গান গাওয়া এই গুণী শিল্পী গানের ভুবন থেকে বিদায় নিচ্ছেন, এমনটা ভাববেন না। ‘আমি হাঙরের মতো, স্থির থাকতে পারি না। লোকে আমাকে কাজপাগল বলে।’ কিংবদন্তি এই গায়িকার বক্তব্য শুনে বোঝা যায়, এখনো নিজেকে প্রতিযোগিতায় রাখতে চান তিনি। ‘আমার সৌভাগ্য, অনেক শ্রোতা আমার গান শুনতে চায়। তাঁদের ভালোবাসাই বাঁচিয়ে রেখেছে। এতগুলো বছরে সবচেয়ে বড় যে শিক্ষা আমি পেয়েছি, তা হলো ভালো না গাইলে কেউ আমাকে ডাকবে না। গানের জগৎ একটা ক্ষমাহীন জায়গা। মান বজায় রাখতে না পারলে এই জগৎ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আপনাকে দরজা দেখিয়ে দেবে!’

‘গান হলো ট্যাটুর মতো’
বলুন তো, রিয়ান্নার গানের পরামর্শক কারা? আটটা গ্র্যামি আছে যাঁর ঝুলিতে, ভাবতে পারেন গানের ক্ষেত্রে তাঁর পরামর্শক নিশ্চয়ই হোমরাচোমরা গোছের কেউ। সম্প্রতি এই বারবারিয়ান গায়িকা দিয়েছেন অবাক করা তথ্য। নিজের গানের ভালো-মন্দ যাচাই করতে রিয়ান্না গান শোনান শিশুদের। শিশুরাই তাঁকে দিকনির্দেশনা দেয়। তিনি বলেন, ‘ওদের বয়স মাত্র তিন বছর। কিন্তু ওরা ঠিকই “মেলোডি” বোঝে। গান শুনিয়ে আমি বোঝার চেষ্টা করি, কোন গানের বিপরীতে ওদের প্রতিক্রিয়া কেমন হয়।’
রিয়ান্না আরও বলেন, ‘আমি শুধু একশ্রেণির মানুষের জন্য গান তৈরি করব, তা হয় না। গান হলো ট্যাটুর মতো। আপনি একবার একটা গান গাইলে কখনোই এর দায় থেকে মুক্তি পাবেন না।’

গাগা-ব্রুসের প্রশংসা ছোড়াছুড়ি
আয়রন মেডেনের পুরোনো ভক্ত লেডি গাগা। এর আগেও বহুবার তিনি মেটাল ব্যান্ডটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সম্প্রতি আয়রন মেডেনকে তিনি বলেছেন ইতিহাসের অন্যতম সেরা রক ব্যান্ড। ওদিকে আয়রন মেডেনই বা প্রশংসায় পিছিয়ে থাকবে কেন? ব্যান্ডটির প্রধান গায়ক ব্রুস ডিকিনসন বলেছেন, ‘অনেকে তাকে পরবর্তী ম্যাডোনা বলে। কিন্তু আমি মনে করি লেডি গাগার অবস্থান এর চেয়েও ওপরে।’
ব্রুসের পরের মন্তব্যটা অবশ্য ধন্দে ফেলে দেয়। ২০১০ সালের ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লেডি গাগার পোশাকের কথা স্মরণ করে তিনি বলেন, ‘কেউ যদি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন বিচিত্র পোশাক পরে হাজির হতে পারে, আমার ভোট অবশ্যই তাঁর দিকেই যাবে।’
ইয়াহু নিউজ ও জিনিউজ অবলম্বনে