বিশ্ব সংগীত দিবসে তিন দিনের উৎসব আজ থেকে
আজ ২১ জুন বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে তিন দিনের সংগীত উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। ‘গানে গানে বাঁধা এ বিশ্ব’ স্লোগান নিয়ে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ এই উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমীর সহায়তায়।একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকেল তিনটায় উৎসবের উদ্বোধন করবেন সংগীতজ্ঞ আ বা ম নূরুল আনোয়ার, প্রধান অতিথি থাকবেন জাতীয় সংদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এরপর মৎস্য ভবন থেকে বের হবে শোভাযাত্রা। তারপর থাকবে আলোচনা। সন্ধ্যা ছয়টায় সংগীতানুষ্ঠান। এতে দলীয় সংগীত পরিবেশন করবে সুরের ধারা, সুরতীর্থ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, হিন্দোল সংগীত একাডেমি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জাগরণ সংস্কৃৃতি চর্চা ও গবেষণাকেন্দ্র, বাঁশুরিয়া শিল্পীগোষ্ঠী ও সারগাম ললিতকলা একাডেমি। এ ছাড়া শ্রীলঙ্কার একটি দল তাদের দেশের গান পরিবেশন করবে। একক সংগীতে থাকবেন বিশিষ্ট শিল্পীরা। ভায়োলোনিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পরিবেশন করবে সমবেত যন্ত্রসংগীত। নৃত্য পরিবেশন করবে বেণুকা ললিতকলা একাডেমি। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত জাতীয় একাডেমির নাট্যশালা ও চিত্রশালার প্লাজায় উৎসবের অনুষ্ঠানগুলো চলবে। প্রসঙ্গত, ১৯৮২ সালে ফরাসী মন্ত্রী জ্যাক ল্যাং বিশ্ব সংগীত দিবস পালনের প্রস্তাব করেন।