
প্রতিবছরের মতো এ বছরও রবীন্দ্র প্রয়াণ দিবসে বিভিন্ন সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠানের। বিশ্বকবিকে তাঁর সৃষ্টির মাধ্যমেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এর সঙ্গে ছিল আলোচনা অনুষ্ঠানও। রবীন্দ্রনাথকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা ছিল এ সভাগুলোতে।
রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা
‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমায় পাইনি’ গানটি প্রেমের গান বলেই মনে হয়। কিন্তু এ যে সাধারণ প্রেম নয়, ঈশ্বর বন্দনা—তা কি জানা আছে সবার? এমন বহু গান দুহাতে দান করে গেছেন কবিগুরু। দোটানায় ফেলে গেছেন ভক্তকুলকে। তাদের শুধু কূলহারা হতেই বাকি ছিল যেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রেম, পূজা, প্রকৃতিসহ বিভিন্ন পর্যায়ের গান শোনানোর আয়োজন করেছিল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, ‘সমুখে শান্তি পারাবার’ এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গেয়ে অনুষ্ঠান শুরু করে সংস্থার প্রায় ৩০ জন শিল্পী। স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। কথা বলেন সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সংস্থার সভাপতি তপন মাহমুদ।
মূল অনুষ্ঠানের শুরুতে ‘আমার যে দিন ভেসে গেছে’ গানটি করেন অনুপ ভট্টাচার্য। এরপর ‘আমার যাবার বেলায়’ করেন ইন্দ্রানী কর্মকার, নার্গিস চৌধুরী করেন ‘এমন দিনে তারে বলা যায়’ গানটি। প্রায় ২১ জন শিল্পী ছিলেন উপস্থিত শ্রোতাদের গান শোনাবার অপেক্ষায়।