বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দুরবিনের গান
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। এবার ঘরের মাঠেই বসছে ক্রিকেটের সবচে বড় আসরটি। যার ফলে এ নিয়ে সবার মধ্যেই রয়েছে বাড়তি উন্মাদনা। সে উন্মাদনায় আরও রং ছড়াতে আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে গান তৈরি করেছে দুরবিন। গানের কথা হলো—‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্বকাপের সামনে এগিয়ে যাও’। লিখেছেন রবিউল ইসলাম আর সুর ও সংগীত আয়োজন করেছেন আরফিন রুমি। গতকাল সোমবার গানটিতে কণ্ঠ দিয়েছেন দুরবিনের সদস্যরা।দুরবিন ব্যান্ডের অন্যতম সদস্য আরফিন রুমি বললেন,‘আমি নিজেও একসময় ক্রিকেট খেলতাম। তাই ক্রিকেট নিয়ে গান করতে গিয়ে অন্য রকম অনুভূতি কাজ করেছে আমার মধ্যে। গানটির কথা, সুর, সংগীত আয়োজন সব কিছুতে ক্রিকেট উৎসবের আমেজ রয়েছে।’ আগামী ১৪ জানুয়ারি রাত আটটায় এটিএন বাংলায় স্মাইল শো অনুষ্ঠানে গানটি দেখানো হবে। গানটির গীতিকার রবিউল ইসলাম এ বছর সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন।