বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের সংগীতায়োজন করেছেন ইবরার টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত গানের জন্য বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালককে আমন্ত্রণ জানায় উইজক্র্যাফট। তা মাস তিনেক আগের কথা। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার জন্য আইসিসি থেকে দায়িত্ব পায় ভারতীয় এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি কমনওয়েলথ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা। সোনারগাঁও হোটেলে আমন্ত্রিত সুরকার ও সংগীত পরিচালকেরা নিজেদের গান উইজক্র্যাফট এবং বাংলাদেশে তাদের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন। অনেকের সঙ্গে এখানে এসেছিলেন ইবরার টিপু। চ্যানেল আই থেকে তাঁকে একটি গান তৈরির কথা বলা হয়েছিল। টিপু গানটি লিখিয়েছিলেন জুলফিকার রাসেলকে দিয়ে। গানের কথা হলো ‘ও পৃথিবী এবার এসে বাংলাকে নাও চিনে/ ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে’। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মিলা। সঙ্গে ছিল কোরাস অংশ। প্রাথমিকভাবে ওই দিনই গানটি নির্বাচিত হয়।পরদিন উইজক্র্যাফট প্রতিনিধিরা ইবরার টিপুকে তাদের চূড়ান্ত সম্মতির কথা জানান। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত গান হিসেবে নির্বাচিত হয় টিপুর গানটি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুর দিকেই থাকবে তা।কিন্তু টিপুর জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক।শুরুতে উইজক্র্যাফট কর্তৃপক্ষ ভেবেছিল, উদ্বোধনী অনুষ্ঠানের পুরো সংগীতায়োজন তৈরির কাজটি ভারতের কোনো জনপ্রিয় সুরকার করবেন। কয়েকজনের সঙ্গে নাকি তারা ব্যাপারটি নিয়ে আলোচনাও করেছিল। শেষ পর্যন্ত স্বাগত গানটি শুনে টিপুর ব্যাপারে আগ্রহী হয় প্রতিষ্ঠানটি। তাঁকে দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণ বাংলাদেশ অংশের সংগীতায়োজন করার সিদ্ধান্ত হয়। টানা কয়েক দিন খেটে বাংলাদেশ অংশের ২০ মিনিটের সংগীতায়োজন তৈরি করেন টিপু। জানা গেছে, গত বুধবার রাতে তিনি উইজক্র্যাফট কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত সংগীতায়োজন জমা দিয়েছেন। উইজক্র্যাফট থেকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাপ্তি মালহোত্রাকে। তিনি বাংলাদেশে এই ইভেন্টের সমন্বয়ক। টিপুর স্বাগত গানটি শুনে অভিভূত হয়েছিলেন তিনি। অফিশিয়াল গান ‘মার ঘুমাকে’র চেয়েও নাকি তাঁর কাছে টিপুরটি বেশি ভালো লেগেছে।‘মার ঘুমাকে’ গানটি বাংলা, হিন্দি ও সিংহলিজ ভাষায় তৈরি করেছেন শঙ্কর-এহসান-লয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে তাঁদের এই গানটি দিয়ে।উদ্বোধনী অনুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন সন্তোষ শেঠি। ঢাকার আর্মি স্টেডিয়ামে এখন নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন তিনি। বললেন, ‘টিপুর সংগীতায়োজন খুবই ভালো হয়েছে। ওর সংগীতায়োজনের মতো আয়োজনটির কোরিওগ্রাফি করতে তাই আমাকে হিমশিম খেতে হচ্ছে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। পুরো আয়োজনটি এক ঘণ্টা ৪০ মিনিটের। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৈরি হয়েছে তিন হাজার ৬০০ বর্গফুটের একটি মঞ্চ। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর শুরু হবে মূল অনুষ্ঠান। এর আগে গান করবেন তপু, রিংকু, মাহাদী, রুমী, সুমী, বিউটি, নিশিতা ও কুনাল। জাতীয় সংগীত পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা। স্বাগত গানে কণ্ঠ দেবেন অর্ণব, বালাম, মিলা, এলিটা, হূদয় খান ও কণা। তাঁদের সঙ্গে কোরাস কণ্ঠ দেবেন আরও কয়েকজন।সনু নিগম শোনাবেন অপেরা ধাঁচের গান ‘লেটস গো ফর গ্লোরি’। গানটির সুর ও সংগীত করেছেন সনু নিজেই।উদ্বোধনী অনুষ্ঠানে গান করবেন শ্রীলঙ্কার শিল্পী স্নায়ুশি ও আইরাজ। আয়োজকদের মতে, ভারতের অংশে তেমন উল্লেখযোগ্য শিল্পী নেই। তবে ভারতীয় কিছু জনপ্রিয় গানের সঙ্গে নৃত্যে অংশ নেবে বাংলাদেশের ছেলেমেয়েরা।বাংলাদেশ অংশের আগেই থাকবে রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও মমতাজের গান। অনুষ্ঠানের জন্য প্রত্যেকে নিজেদের তিনটি জনপ্রিয় গানের সমন্বয়ে তৈরি করেছেন একটি গান। তাঁদের জন্য সময় বরাদ্দ হয়েছে ১০ মিনিট।উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য-সচিব দেওয়ান শফিউল আরেফিন বাংলাদেশ অংশের ব্যাপারে জানান, ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ পর্যন্ত নানা কিছু তুলে ধরা হবে লাইট অ্যান্ড সাউন্ডের মধ্য দিয়ে। থাকবে আদিবাসী নাচ। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন উৎসবও থাকবে এখানে। নাচের অংশটি পরিচালনা করছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। তিনি আরও জানান, অনুষ্ঠানের দিন বিকেলে ভারতের হায়দরাবাদ থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবেন ব্রায়ান অ্যাডামস। মঞ্চে তিনি নিজের জনপ্রিয় দুটি গান শোনাবেন। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের সদস্যরা মাঠে ঢুকবেন রিকশায় করে। এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে রিকশাগুলো। থাকবে আতশবাজির খেলা। উদ্বোধনী অনুষ্ঠানের পুরো আয়োজনটি সরাসরি দেখাবে বিটিভিসহ আরও কয়েকটি বিদেশি টিভি চ্যানেল।