বিশ্বকাপ নিয়ে দুরবীনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। এবার ঘরের মাঠেই বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। যার ফলে এ নিয়ে সবার মধ্যেই রয়েছে বাড়তি উন্মাদনা। সে উন্মাদনায় আরও রং ছড়াতে বাংলাদেশ দলকে উত্সাহ জানিয়ে একটি গান তৈরি করেছে ব্যান্ড দল ‘দুরবীন’। ‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্বকাপের সামনে এগিয়ে যাও’—এমনি একটি চমৎকার কথায় গানটি লিখেছেন তরুণ গীতিকার রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি। গতকাল গানটিতে কণ্ঠ মিলিয়েছেন দুরবীনের সদস্যরা। এবারই প্রথম ক্রিকেট নিয়ে গান করলেন তাঁরা। এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘আমি নিজেই একসময় ক্রিকেট খেলতাম। যার ফলে ক্রিকেট নিয়ে গানটি করতে গিয়ে অন্য রকম অনুভূতি কাজ করেছে মনে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন সব কিছুতে ক্রিকেটীয় উত্সবের আমেজ রয়েছে।’ ব্যান্ডের আরেক সদস্য শহীদ বললেন, ‘অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম ক্রিকেট নিয়ে একটা গান করব। এবার গানটি করতে পেরে বেশ ভালো লাগছে। গানটি শুনলে ক্রিকেটাররাও উজ্জীবিত হবেন।’ আগামী ১৪ জানুয়ারি রাত আটটায় খন্দকার ইসমাইলের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিকল্পনায় এটিএন বাংলার ‘স্মাইল শো’ অনুষ্ঠানে গানটি দেখানো হবে। উল্লেখ্য, বিশ্বকাপ নিয়ে দুরবীনের করা গানটির গীতিকার রবিউল ইসলাম এ বছর সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গীতিকারের পুরস্কার লাভ করেন।