বিশ্বকাপ ফাইনালে তারকাদের প্রিয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী, ফারজানা ছবি, সজল, কনা
শশী, ফারজানা ছবি, সজল, কনা

আজ বাংলাদেশের স্থানীয় সময় দিবাগত রাত একটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জার্মানি। প্রিয় দল ফাইনালে খেলার সুযোগ পাওয়ায় আর সবার মতো তারকাদের মধ্যেও দারুণ উত্তেজনা কাজ করছে। বিশ্বকাপ ফাইনাল দেখার প্রস্তুতি, কে কোন দল সমর্থন করছেন, প্রিয় দল জিতলে কী করবেন—এসব বিষয় নিয়ে কথা বলেছেন শশী, সজল, কল্যাণ, ফারজানা ছবি, দীপা খন্দকার ও কনা। কাকতালীয় বিষয় হলো, এই ছয় তারকাই বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা দলকে সমর্থন করছেন।

আর্জেন্টিনাই এবার কাপ ঘরে নেবে: শশী
আমি আর্জেন্টিনা দলের অনেক বড় একজন ভক্ত। আর্জেন্টিনা সেমি-ফাইনালে জেতার পর আমি অসুস্থ শরীর নিয়েও রোজা রেখেছিলাম। সেহরি খাওয়ার সময়ও পাইনি। প্রিয় দল ফাইনালে খেলছে বলে একটু চিন্তা হচ্ছে। তবে আমার বিশ্বাস, আর্জেন্টিনাই এবার কাপ ঘরে নেবে। আমি পুবাইলে শুটিং করছি। আশা করছি, শুটিং তাড়াতাড়ি শেষ হলে বাসায় ফিরে খেলা দেখতে পারব। আর তা না হলে পুবাইলেই খেলা দেখে ঢাকায় ফিরব। কোনভাবেই আজকের খেলা মিস করতে চাই না। খেলা আমি দেখবই। আর্জেন্টিনা জিতে গেলে কী করব এখনও ভাবিনি। তবে অবশ্যই বিশেষ কিছু করব।

আর্জেন্টিনা জিতলে বাসায় পার্টি দেব: দীপা খন্দকার

আমি শুরু থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করেছি। ফাইনালে আমি চাইব, আমার প্রিয় দলই জিতুক। বন্ধু এবং পরিবারের সবাইকে নিয়ে রাতে খেলা দেখব। বাসার বাইরে গিয়েও খেলা দেখার সম্ভাবনা আছে। আর আর্জেন্টিনা জিতলে বাসায় পার্টি দেব।

আর্জেন্টিনার জার্সি পরে অনেক মজা করে খেলা দেখব: কল্যাণ

শুধু খেলা দেখব বলে আজ আমি কোনো শুটিং রাখিনি। সকাল থেকে খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ আমি আমার বন্ধুদের নিয়ে এক বড় ভাইয়ের বাসায় খেলা দেখব। আমরা সবাই আর্জেন্টিনার জার্সি কিনেছি। জার্সি পরে অনেক মজা করে খেলা দেখব। ব্রাজিলের পরাজয় আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার ফাইনালে আমার প্রিয় দল জিতলে অনেক বেশি খুশি হব।

দ্বিতীয় প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করছি: সজল

আমি মূলত ব্রাজিলের সমর্থক। কিন্তু আমার দ্বিতীয় প্রিয় দল আর্জেন্টিনা। তাই ফাইনালে

আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি। আজ শুটিং শেষ করে রাতে বাসায় ফিরব। তারপর আমার কয়েকজন কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়ের সঙ্গে বসে খেলা দেখব বলে পরিকল্পনা করেছি। এবারের বিশ্বকাপ নিয়ে একটা আফসোস রয়ে গেল। কারণ ঈদের কাজের চাপে আমার খুব কম খেলা দেখার সুযোগ হয়েছে।

আর্জেন্টিনা যেন বিশ্বকাপটা নিতে পারে: ফারজানা ছবি

আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের খেলাই অনেক পছন্দ করি। আমি চেয়েছিলাম ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনালে খেলবে। কিন্তু আমার চাওয়াটা পূর্ণ হয়নি। তবে এখন আমি আর্জেন্টিনাকেই সমর্থন করছি। আমি চাই, দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনা যেন এবারের বিশ্বকাপটা নিতে পারে। রাতে পরিবারের সবাইকে নিয়ে আমি খেলা দেখব বলে ঠিক করেছি।

ফাইনালে আর্জেন্টিনা জিতুক: কনা

আমার পরিবারের সবাই আর্জেন্টিনার ঘোর সমর্থক। সেই অর্থে আমি উত্তরাধিকার সূত্রেই আর্জেন্টিনার সমর্থক। অবশ্য আমার ভাই ব্রাজিলের সমর্থক। ব্রাজিল হেরে যাওয়ার পর ওর সঙ্গে আমরা অনেক মজা করেছি। এখন ও একদম চুপ করে আছে। আমি মনে-প্রাণে চাচ্ছি, ফাইনালে আর্জেন্টিনা জিতুক। তবে জার্মানি আবার জিতে যায় কি না, তা নিয়ে একটু ভয় হচ্ছে। কারণ, জার্মানি অনেক শক্তিশালী একটি দল।