বিশ্বকাপ ফাইনালের পর শাইনিকে অন্য কারাগারে স্থানান্তর করা হবে
গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে বলিউড অভিনেতা শাইনি আহুজার সাত বছরের কারাদণ্ড হয়েছে গত বুধবার। বর্তমানে এই অভিনেতাকে মুম্বাইয়ের আর্থার রোডের একটি কারাগারে রাখা হয়েছে। জানা গেছে, শাইনি আহুজাকে আর্থার রোডের কারাগার থেকে অন্যত্র স্থানান্তর করা হবে। কিন্তু বর্তমানে কারাগারে স্থানান্তর নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত খবরে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলাই এর মূল কারণ। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে পুরো মুম্বাই এখন নিরাপত্তার চাদরে মোড়া। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বেশির ভাগ সদস্যই এখন বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলার নিরাপত্তা নিয়ে জড়িত। তার পরই শাইনিকে পুনের কেন্দ্রীয় কারাগার অথবা নাসিক কারাগারে নিয়ে যাওয়া হবে বলেও মুম্বাই পুলিশের ওই কর্মকর্তা জানান।উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে ২০০৯ সালের জুনে মুম্বাই পুলিশ শাইনি আহুজাকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণ, হুমকি প্রদান ও জিম্মি করার অভিযোগ এনে মামলা করা হয়। ২০০৯ সালের অক্টোবরে তিনি জামিন পান। বলিউডের এই অভিনেতা ‘লাইফ ইন মেট্রো’ ও ‘গ্যাং স্টার’ চলচ্চিত্রে অভিনয় করে সবার নজর কাড়তে সক্ষম হন।