বিশ্বকাপ ফুটবল-জ্বরে চলচ্চিত্র ব্যবসায় মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে সারা দেশ। আর এ জন্য চলচ্চিত্রের ব্যবসায় নেমে এসেছে বড় রকমের ধস। গত কয়েক দিনে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রেক্ষাগৃহের মালিকেরা আগে যেসব চলচ্চিত্র প্রদর্শন করার জন্য প্রযোজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তার মধ্যে বেশির ভাগ চলচ্চিত্রই শেষ মুহূর্তে প্রদর্শনের চুক্তি বাতিল করেছেন তাঁরা। রাজধানী ঢাকা শহরের প্রেক্ষাগৃহের মালিকেরাও এখন নতুন ছবি প্রেক্ষাগৃহে নিতে চাইছেন না। ফলে চলচ্চিত্রের ব্যবসায় মন্দা হাওয়া বইছে বেশ জোরেশোরেই।এ বছর মুক্তি পাওয়া ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এখন পর্যন্ত সেরা ব্যবসাসফল ছবি। কয়েক দিন আগেও এই ছবির একেকটি প্রিন্ট নেওয়ার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্ব্বন্দ্বিতা। কিন্তু ফুটবল খেলার সময় প্রেক্ষাগৃহ সন্ধ্যার পর প্রায় দর্শকশূন্য হয়ে যাওয়ার কারণে এখন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিটি নিয়ে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।খেলার মধ্যেই মুক্তি পেয়েছিল চেহারা ছবিটি। ছবিতে শাকিব খানের মতো বড় তারকার উপস্থিতি থাকলেও খেলার উন্মাদনা ছেড়ে দর্শকেরা ছবি দেখতে প্রেক্ষাগৃহে সেই রকম ভিড় করেনি। কয়েকজন বুকিং এজেন্ট বললেন, খেলার কারণে বিকেল থেকে প্রেক্ষাগৃহে দর্শক আসা বন্ধ হয়ে যায়। এরপর জেলা শহরের প্রেক্ষাগৃহগুলোতে ৫০ থেকে ১০০ জন দর্শক নিয়ে ছবি প্রদর্শন করতে হয়। এ জন্য এখন আর বড় তারকার ছবি প্রেক্ষাগৃহের মালিকেরা নিচ্ছেন না। আজ থেকে তিন-চার বছর আগে মুক্তি পাওয়া ছবিগুলো কম দামে নিয়ে প্রদর্শন করা হচ্ছে। বুকিং এজেন্ট সমিতির নেতা সিরাজুল ইসলাম বললেন, ‘অতীতেও খেলার সময় আমরা নতুন ছবি প্রেক্ষাগৃহে চালিয়েছি। কিন্তু এমন দর্শকশূন্যতা কখনো তৈরি হয়নি।’এদিকে চেহারা ছবির প্রযোজক ও পরিচালক শহিদুল ইসলাম খোকন বললেন, ‘ছবি থেকে যে পরিমাণ টাকা লাভ করতে পারতাম, খেলার কারণে তা হয়তো পারব না। তার পরও ছবিতে কিছু তো লাভ থাকবেই। তবে আগামী দুই সপ্তাহ আর ছবিটির প্রিন্ট কোনো প্রেক্ষাগৃহে দিচ্ছি না। খেলা শেষ হলেই প্রিন্ট আবার নতুন করে প্রেক্ষাগৃহে দেব।’এদিকে খেলার কারণেই আজ শুক্রবার কোনো ছবি মুক্তি দেওয়া হচ্ছে না। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে জানানো হয়েছে, পুরোনো ছবিগুলোই নতুন করে এই সপ্তাহে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।