বিশ্বকাপ ফুটবলে কিনানের গান
বিশ্বকাপ ফুটবল ২০১০-এ দেখা যাবে না সোমালিয়া দলকে। তবে মাঠে থাকবে তাদের প্রতিনিধিত্ব। চার সপ্তাহজুড়ে প্রতিটি খেলায় স্টেডিয়ামজুড়ে শোনা যাবে কিনানের গান। সোমালিয়ায় জন্ম নেওয়া গায়ক কিনান আবদি ওয়ারসেমের গাওয়া ওয়েভিন’ ফ্ল্যাগ গানটি নির্বাচিত হয়েছে এবারের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল অ্যানথেম হিসেবে। ২০০৯-এ মুক্তি পাওয়া কিনানের একক অ্যালবাম ট্রুবাডুর থেকে গানটি নেওয়া হয়েছে। তবে বিশ্বকাপে ব্যবহারের জন্য গানটা আবার নতুনভাবে রেকর্ড করা হয়। নতুন এই সেলিব্রেশন মিক্সের জন্য নাকি প্রায় ৫০টি ড্রাম ব্যবহার করা হয়। মুক্তি পাওয়ার পরপরই নানা টপচার্টে জায়গা দখল করে নিয়েছিল গানটি। তবে বিশ্বকাপে নির্বাচিত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। বিশ্বকাপের পৃষ্ঠপোষক কোলা কোলাকে মুখোমুখি হতে হচ্ছে কড়া সমালোচনার। স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার কোনো গায়কের গান কেন নেওয়া হলো না—এই প্রশ্ন অনেকের। তবে জবাব প্রস্তত কোকা কোলার। তাদের বিশ্বব্যাপী বিনোদন বিভাগটি দেখাশোনার দায়িত্বে থাকা জো বেলিওটি জানিয়েছেন, ‘আমরা শতাধিক শিল্পীর গান শুনেছি। শেষ পর্যন্ত কিনানকেই যোগ্য মনে হয়েছে। আফ্রিকার সঙ্গে কিনানের শেকড় জড়িত। তিনি রাতারাতি গজিয়ে ওঠা কোনো গায়ক নন। আর তাঁর গানে উৎসব উদ্যাপনের আবহ আছে।’ কিনান নিজে অবশ্য এসব বিতর্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। নিজের দেশ সোমালিয়া নেই তো কী হয়েছে। তিনি এবার আইভরিকোস্টের পক্ষে গলা ফাটাবেন। ২০০৯-এর সেপ্টেম্বরে সুইজারল্যান্ড থেকে শুরু হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর। বিশ্বের ৮৩টি দেশে বিশ্বকাপের আসল ট্রফিটি নিয়ে ঘোরা হবে। কিনানও আছেন এই ট্যুরে। ৮৬টি দেশে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে। তবে এই তালিকাতেও নেই সোমালিয়া। নিরাপত্তার অভাবে সেখানে ট্রফি নিয়ে যাওয়া হচ্ছে না। রুহিনা তাসকিন, তথ্যসূত্র: ওয়েবসাইট