বিশ্বকাপ ফুটবলের থিম সং গাইছেন শাকিরা
এবারের বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছেন শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) শিরোনামের গানটিতে আরও অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যান্ড ফ্রেশলিগ্রাউন্ড। ১১ জুন জোহানেসবার্গে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে তাঁরা গানটি পরিবেশন করবেন। ১১ জুলাই সমাপনী অনুষ্ঠানেও থাকছে তাঁদের এই গানটি।প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের থিম সং গাওয়ার সুযোগ পেয়ে দারুণ খুশি শাকিরা। বললেন, ‘এটা আমার জন্য বিরাট সম্মান।’দক্ষিণ আফ্রিকার ফুটবলপ্রেমীরা নাকি এ খবরে মোটেও খুশি হতে পারেনি। তাদের মতে, বিশ্বকাপ ফুটবল হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, অথচ গান করছে বাইরের শিল্পী। দক্ষিণ আফ্রিকায় শিল্পীর এতই অভাব? ফিফা অবশ্য এ ক্ষেত্রে টেনে এনেছে ফ্রেশলিগ্রাউন্ড ব্যান্ডকে। ফিফার মতে, তা হবে কেন? গানটিতে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ তো থাকছে। তাছাড়া বহুজাতিক শিল্পী হিসেবে নিজের একটা আলাদা পরিচয় আছে শাকিরার। ফিফা তাই মনে করছে, লাতিন আমেরিকার এই শিল্পীই বিশ্বকাপের থিম সংয়ের জন্য সঠিক পছন্দ।