বিশ্বকাপ ম্যাচ দেখতে শুটিং বন্ধ রাখলেন ডি নিরো

শুটিং বন্ধ রেখে একদল ফুটবল ভক্তের সঙ্গে বসে ফুটবল খেলা উপভোগের জন্য খবরের শিরোনাম হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ২৬ জুন বৃহস্পতিবার ‘দ্য ইন্টার্ন’ ছবির শুটিং করছিলেন বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরো। সেদিন স্থানীয় সময় দুপুর ১২টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির ফুটবল ম্যাচ দেখার আগ্রহ প্রকাশ করেন ৭০ বছর বয়সী এ তারকা অভিনেতা। ডি নিরোকে ফুটবল খেলা দেখার সুযোগ করে দিতে শুটিং স্পটের পাশের একটি অ্যাপার্টমেন্ট ভবন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে কর্তৃপক্ষের সহায়তায় ভবনের বাসিন্দাদের অনুরোধ জানিয়ে একটি ই-মেইল বার্তা পাঠানো হয়। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
ই-মেইল বার্তায় লেখা হয়, ‘আমাদের ছবির প্রধান অভিনেতা রবার্ট ডি নিরো আজ দুপুর ১২টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে চান। আপনাদের ভবনের ছাদে ছোট একটি পোর্টেবল স্যাটেলাইট বসানোর ব্যবস্থা করা যাবে কি? যত দ্রুত সম্ভব ওই পোর্টেবল স্যাটেলাইট থেকে একটি ক্যাবল লাইন রাস্তায় আনার ব্যবস্থা করলে আমরা ডি নিরোকে ফুটবল খেলা দেখার সুযোগ করে দিতে পারব।’
প্রসঙ্গত, ওই ভবনে ফুটবল ভক্ত একদল মানুষ একত্র হয়ে খেলা দেখার জন্য বিশাল আয়োজন করেছিলেন। ই-মেইল বার্তা পাওয়ার পর তাঁরা সেই আয়োজনে ‘ট্যাক্সি ড্রাইভার’ তারকা ডি নিরোকে আমন্ত্রণ জানান। ম্যাচ শুরু হওয়ার পর তাঁদের সঙ্গে বসে পুরো খেলা উপভোগ করেন ডি নিরো। তাঁকে এই সুযোগ করে দিতে দুই ঘণ্টা ছবির শুটিংয়ের কাজ বন্ধ রাখা হয়।