বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন সনু নিগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দেড়েক আগে ঢাকা মাতিয়েছিলেন সনু নিগম। তবে এবারের উপলক্ষটা একদমই অন্য রকম। সংগীত-তারকা সনু নিগম ঢাকায় আসছেন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে গাইতে। পুরোনো কোনো গান নয়, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী আসরে গাওয়ার জন্য নতুন একটি গানও তৈরি করেছেন সনু। ‘লেটস গো ফর গ্লোরি’ শিরোনামের এই গানের মূল ভাব সত্যিকার খেলোয়াড়সুলভ মনোভাবের জয়গান। এমন একটি অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সনু নিগম। বিশ্বকাপের উদ্বোধনী দিনে গান গাওয়ার খবরটা নিশ্চিত করেছেন তিনি নিজেই। সংবাদমাধ্যম টিএনএনকে সনু বলেন, ‘সব খেলোয়াড়ের ক্রিকেট-তেজস্বিতার সঙ্গে বাড়তি মাত্রা যোগ করবে আমার এই গান। আশা করছি, এই গান সবার হূদয় ছুঁয়ে যাবে। এমন একটা অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত।’