বিশ্বকাপের উন্মাদনায়
কেউ বুঝদার সমর্থক, কেউ বা চারপাশে সবার উন্মাদনা দেখে আক্রান্ত হয়েছেন ফুটবল–জ্বরে। বিশ্বকাপ নিয়ে আমাদের বিনোদন জগতের তারকাদের মধ্যেও উত্তেজনা কম নয়। প্রত্যেকেরই নানা ব্যস্ততা, তবু খেলা দেখার জন্য তাঁরা বের করে নেবেন সময়


ব্রাজিল এবার চমক দেখাবে
মাহফুজ আহমেদ, অভিনেতা
আমি ব্রাজিলের সমর্থক। একটা সময় মিশেল প্লাতিনি আর তিগানার জন্য ফ্রান্স সমর্থন করতাম। কারণ ফুটবলকে তারা শুধু খেলা নয়, শিল্প হিসেবে তুলে ধরত। এরপর আমার ফেভারিট তালিকায় আসে হল্যান্ড। কারণ ছিল, রুড গুলিত আর রাইকার্ড। ব্রাজিলের রোনালদো, রোনালিদনহো, কাকার খেলা যখন দেখলাম, তখন থেকে পেছনে পড়ে গেল ফ্রান্স আর হল্যান্ড। এমুহূর্তে আমার সবচেয়ে প্রিয় ব্রাজিল। প্রিয় খেলোয়াড়ের তালিকায় এখন আবার যুক্ত হয়েছে নেইমারের নাম। এবার ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি। কারণ খেলাটা হচ্ছে তাঁদের স্বভূমিতে। তা ছাড়া ব্রাজিল দলটি একেবারেই নতুন এ বছর। তাই চমক দেখাবে অবশ্যই।
এখেনা বেকহামই প্রিয়
জান্নাতুল ফেরদৌস পিয়া, অভিনেত্রী
ফুটবল না, আমার পছন্দের খেলা ক্রিকেট। ফুটবল একেবারেই দেখা হয় না। তবে হ্যাঁ, যেদিন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে, সেদিন থেকে ফুটবলও আমার ফেভারিট হবে, আর আমি বাংলাদেশকে সমর্থন করব। কিন্তু এখন চারদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে এত আলোচনা, এত তর্ক-বিতর্ক যে, নিজেকে এর থেকে দূরে রাখা যায় না। তাই যে দলের জেতার অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে থাকাই সবচেয়ে নিরাপদ। আর খেলোয়াড়দের মধ্যে আমার পছন্দ ইংল্যান্ডের ডেভিড বেকহাম। তাঁকে ভালো লাগার একটাই কারণ, দারুণ হ্যান্ডসাম দেখতে সে। যদিও এবার তাকে মাঠে দেখা যাবে না

পরিবারের সবাই ব্রাজিল
অপূর্ব, অভিনেতা
আমি ব্রাজিলের সমর্থক৷ শুরু থেকেই ব্রাজিলের খেলা আমার ভালো লাগে৷ তাদের খেলার কৌশলগুলো আমি দারুণ উপভোগ করি৷ ব্রাজিলের প্রতি দুর্বলতা মনে হয় পারিবারিকভাবেই পেয়েছি৷ আমার বাড়ির সবাই ব্রাজিলের ভক্ত৷ তাই কিছু বুঝে ওঠার আগ থেকেই ব্রাজিলের ফুটবলের ভক্ত হয়ে গেছি৷ প্রিয় খেলোয়াড় হিসেবে রোনালদো, রোনালদিনহো, কাকা—এঁদের নাম তো বলতেই হয়৷ তা ছাড়া রোমারিও, রবার্তো কার্লোস—এঁরা সবাই তো কিংবদিন্ত৷ তবে ব্যস্ততার জন্য ব্রাজিলের এবারের খেলোয়াড়ের তালিকা দেখা হয়নি৷ তাই নতুন খেলোয়াড়দের ব্যাপারে কোনো ধারণা নেই৷ ধারণা না থাকলেও খেলা দেখতে বসলে আমার পূর্ণ সমর্থন থাকবে ব্রাজিলকে ঘিরেই৷


বড় ম্যাচগুলো দেখার ইচ্ছা
কনা, সংগীতশিল্পী
ফুটবলের ভক্ত নই আমি৷ ক্রিকেট ভালো লাগে৷ তবে এটা যেহেতু বিশ্বকাপ, তাই একে তো আর এড়িয়ে যাওয়া যায় না৷ বিশ্বকাপের উত্তেজনা সবার মতো আমাকেও ছুঁয়ে যায়৷ নির্দিষ্ট কোনো ফেভারিট নেই, অনেক দলের খেলাই ভালো লাগে৷ স্পেন, জার্মানি, ইতালিকে ঘিরে অনেকের আগ্রহ দেখছি এবার৷ তাই এদের খেলাগুলো দেখার চেষ্টা করব৷ আর আমার আশপাশে বোধ হয় আর্জেন্টিনার সমর্থক বেশি৷ তাই তাদের গুণগানই এবার বেশি শুনছি৷ এ কারণে আমার সমর্থনটাও একটু সেদিকে ঝুঁকে পড়ছে৷ তবে সমর্থন করি আর না করি, বড় ম্যাচগুলো দেখার ইচ্ছা আছে৷ মাঠে জেরার্ড পিকে, মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখার অপেক্ষায় থাকব৷
ম্যারাডোনার পর মেসিই প্রিয়
চঞ্চল চৌধুরী, অভিনেতা
বিশ্বকাপে আমার পছন্দের দল আর্জেন্টিনা। যখন থেকে বিশ্বকাপ দেখা শুরু করেছি, তখন থেকেই আর্জেন্টিনার মোহে আকৃষ্ট হয়েছি৷ ১৯৮৬ সালে, যেবার আর্জেন্টিনা মেক্সিকোতে বিশ্বকাপ জিতল, সেবারই প্রথম বিশ্বকাপ দেখি। মনে আছে, গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। কিন্তু বিশ্বকাপ উপলক্ষে চেয়ারম্যান বাড়িতে ব্যাটারি দিয়ে টিভি চালানো হতো, শুধুই বিশ্বকাপের জন্য। আর আমরা ভিড় করে সেই খেলা দেখতাম। সে সময় সবাই বলত, ব্রাজিলের পেলের পর আর্জেন্টিনার এক দুর্দান্ত খেলোয়াড় ম্যারাডোনা। সত্যিই দুর্দান্ত। সেই ম্যারাডোনার কারণেই এখনো আর্জেন্টিনা আমার প্রিয় দল। ম্যারাডোনা এখন আর দলে নেই। তাতে কী, মেসি তো রয়েছে৷ আমার আরেক পছন্দের খেলোয়াড়৷
অনুলিখন: সেঁজুতি শহীদ
