
বাংলাদেশে বেড়াতে এলে অবশ্যই আসতে হবে কক্সবাজারে। কেননা পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতটি এখানে। শুধু বিদেশি অতিথিরাই নন, দেশের মানুষকেও কক্সবাজারে বেড়াতে আসার আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের উৎসব ‘বিচ কার্নিভ্যাল’। কক্সবাজারসহ বাংলাদেশকে বিশ্ব পর্যটনের গন্তব্য হিসেবে বিশ্বের কাছে পরিচিত করাতে কক্সবাজারের সমুদ্রসৈকতে যৌথভাবে এই আয়োজন করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, টুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি কলাতলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈকতের লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেয় প্রায় দুই হাজার স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ। এর পর লাবনী পয়েন্টে অতিথিদের সামনে নাচ, গান, মুক্তিযুদ্ধ ও অগ্রসরমাণ বাংলাদেশের নানা অর্জনের ওপর একটি কোরিওগ্রাফি প্রদর্শনী তুলে ধরে কক্সবাজার বাইতুস সরফ জব্বারিয়া একাডেমির প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘উৎসবে আসার লোভ সংবরণ করতে না পেরে গত রাতেই আমি এখানে এসে হাজির হয়েছি। এখন আনন্দের সময়ে বক্তৃতা দিয়ে অত্যাচার না করে বরং বক্তৃতার দীর্ঘ তালিকা ছোট করা হয়েছে। আপনারা আনন্দ করুন।’ আতিথেয়তার জন্য কক্সবাজারবাসীকে তিনি বারবার ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘নিজের দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে পর্যটনের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করাতে চাই, যার শুরু হবে এই সমুদ্রসৈকত থেকে।’ তিনি আরও বলেন, ‘ধর্মের নামে মানুষে মানুষে যারা ভেদাভেদ তৈরি করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
তিনি জানান, ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। এটি ২০১৭-১৮ সাল পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।
অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘এই দেশের অর্জনের শেষ নেই। যে ব্রিটিশরা আমাদের শাসন করেছে, সেই দেশের সংসদে আজ ৩ জন বাংলাদেশি সদস্য আছে। বিশ্বব্যাপী বাংলাদেশের অর্জন অনেক।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের মাননীয় চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী ও কক্সবাজারের পুলিশ সুপারসহ আরও অনেকে।
এই প্রতিবেদন লেখার সময় কনসার্টে গান করছিল ব্যান্ডদল রেডিও অ্যাকটিভ। কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে নগর বাউল, এলআরবি, জলের গান, চিরকুট, মিলা, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শফি মণ্ডল, কিরণ চন্দ্র রায়সহ আরও বেশ ক’জন শিল্পীর।
উল্লেখ্য, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে তিন দিনের এই উৎসবটি এ বছরের সবচেয়ে বড় উৎসব।
বিচ কার্নিভ্যালকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতে বহু মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। আশা করা যাচ্ছে, উৎসবের এই তিন দিনে প্রায় ১০ লাখ দর্শক সমাগম হবে।