বিশ্বজিতের সুরে কিশোর
কুমার বিশ্বজিতের সুরে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। এটি কিশোরের তৃতীয় অ্যালবাম। ‘অগোছালো ভালোবাসা’ শিরোনামের এই অ্যালবামটি সামনের ভালোবাসা দিবসেই বাজারে আসবে। অ্যালবামটিতে তোমার জন্য শিরোনামের গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ। মোট ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এগুলো হচ্ছে—প্রশ্ন, তোমাকে ভালোবাসি, অগোছালো ভালোবাসা, তোমার জন্য, বৃষ্টি, বিষণ্ন প্রেমিক, স্বর্গের লাগোয়া, কেন এমন তুমি করো, হও তবে ও সাপলুডু। অগোছালো ভালোবাসা শিরোনামের অ্যালবামটির গীতিকারেরা হলেন—আসাদুল্লাহ দেহলবি, লুৎফর হাসান, জাহিদ আকবর, সেজুল হোসেন, মাহমুদ মানজুর ও সোমেশ্বর অলি। অ্যালবামটিতে সুর করা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘কিশোরকে আমি অনেক দিন ধরেই চিনি। ওর গায়কিও অনেক ভালো। তা ছাড়া কিশোর এতটা জ্বালাতন শুরু করেছিল যে শেষ পর্যন্ত কাজটা না করে আর পারলাম না। আমার বিশ্বাস কিশোরের কণ্ঠে এ গানটি শ্রোতাদের বেশ ভালো লাগবে।’অ্যালবামটির অন্য দুজন সুরকার হলেন—সুমন কল্যাণ ও কিশোর নিজেই। অ্যালবামটিতে কণ্ঠ দেওয়া এবং সুর করার পাশাপাশি একটি গানও লিখেছেন কিশোর।নিজের তৃতীয় একক সম্পর্কে কিশোর বললেন, ‘অ্যালবামটি নানাভাবে আমার জন্য স্মরণীয়। একদিকে বিশ্বদার (কুমার বিশ্বজিৎ) মতো পছন্দের একজন সুরকারকে পাওয়া এবং অন্যদিকে ফাহমিদা নবীর মতো একজন সিনিয়র শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেওয়া। আমি শুধু এটুকুই বলব অ্যালবামটিতে অন্য এক কিশোরকে শ্রোতারা খুঁজে পাবে।’