বিশ্বজিৎকে নিয়ে প্রীতমের গান (ভিডিও)
১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির দিন ৯ ডিসেম্বর নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দৃশ্য দেখে আঁতকে উঠেছিল সারা দেশের মানুষ। সেই বিশ্বজিৎকে নিয়ে গান তৈরি করলেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। ‘রাম রহিমের দেশে আমি হিন্দুর সন্তান/ আমার নাম বিশ্বজিৎ, বন্ধুরা মুসলমান’ গানটির কথা ও সুরের পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন প্রীতম।এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচার, কানসাট, ফেলানী ও সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়বস্তু নিয়ে গান তৈরি করেছিলেন প্রীতম। বিশ্বজিৎকে নিয়ে গান তৈরি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে প্রীতম বলেন, ‘অসাম্প্রদায়িক একটি দেশের নাম বাংলাদেশ। কিন্তু ধর্ম নিয়ে আমাদের দেশে হানাহানি লেগেই আছে। ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়ে একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে।’ প্রীতম বলেন, ‘সম্প্রতি বিশ্বজিৎকে সবার সামনে যেভাবে হত্যা করা হলো, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের একজন সচেতন নাগরিক ও শিল্পী হিসেবে কর্তব্যবোধের জায়গা থেকেই বিশ্বজিৎকে নিয়ে গান বেঁধেছি।’ প্রীতম আরও বলেন, ‘বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী দেশের ১৬ কোটি মানুষ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ছবি ও ভিডিও দেখে হত্যাকারীদের শনাক্ত করতে পারব আমরা সবাই। অথচ মামলার এজাহারে গ্রেপ্তার করা ব্যক্তিদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমাকে যারপরনাই অবাক করেছে। আসলে, এই দেশে আপনি কিংবা আমি কেউই নিরাপদ নই। স্বজন হারানোর যে কী যাতনা তা আমি বুঝি। কারণ, আমার ভাইকে খুন করা হয়েছিল। খুনিরা শনাক্ত না হওয়ায় আমার ভাইয়ের খুনের বিচার আমি পাইনি। কিন্তু বিশ্বজিতের খুনিদের তো সবাই চেনে। যেকোনো উপায়ে নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।’