বিশ্বব্যাপী ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান

‘ভালোবাসা যেমন হয় নিজের প্রতি, তেমনি হয় নারী-পুরুষের, বাবা-মা-ভাইবোনের প্রতি, সমাজে, নিজের দেশের প্রতি, আবার সমগ্র মানবজাতির মাঝে। বিশ্বের মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। কবি-সাহিত্যিকেরা তাঁদের লেখনীর মধ্য দিয়ে এই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে ভূমিকা রাখতে পারেন।’ বললেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
গতকাল রোববার সন্ধ্যায় গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘কোড লাভ’ শীর্ষক প্রদর্শনীতে ছিল ‘ভালোবাসার সার্বজনীনতা’ শীর্ষক আলোচনা। আলোচক ছিলেন আনিসুল হক। এই প্রদর্শনীর আয়োজন করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কেয়ারফাউন্টেইন। ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্প, গান, কবিতা আবৃত্তি, চিঠি পাঠ, আলোচনা, তথ্যচিত্রসহ নানা কিছু নিয়ে পাঁচ দিনের এই প্রদর্শনী শুরু হয় গত বুধবার।
গতকাল ছিল প্রদর্শনীর শেষ দিন। তাই আয়োজনেও ছিল নানা কিছু। আলোচনার পর ভালোবাসার গান করেন পলবাসা, মাহের, সন্ধি, মায়িশা, রবি, মাশুক, অনিক, প্রতীক, আনাম, জাফর, নাজিম প্রমুখ।
প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা কাজী মনিরুল কবীর বলেন, এই প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত প্রবীণদের সেবায় ব্যয় করা হবে।