
প্রথম বিশ্বযুদ্ধের সময় দুজন ফরাসি সেনাকে আটক করা হয় এবং বন্দী করে রাখা হয় জার্মান বন্দিশিবিরে। সেখান থেকে কয়েকবার পালানোর ব্যর্থ চেষ্টা করেন তাঁরা। এরপর তাঁদের পাঠানো হয় দুর্ভেদ্য একটি দুর্গে, যেখান থেকে পালানো অসম্ভব। লা গ্রঁ ইল্যুয়শঁ ছবির শুরুটা এমন। এই চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি এবং রেনোয়া ফিল্ম ক্লাব যৌথভাবে আয়োজন করেছে এ প্রদর্শনী। যেখানে দেখানো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আলোকে নির্মিত চারটি ফরাসি চলচ্চিত্র। গতকাল বিকেল চারটায় প্রদর্শিত হয় লা গ্রঁ ইল্যুয়শঁ ছবিটি। ১৯৩৭ সালে নির্মিত ১১৪ মিনিট ব্যাপ্তির ছবিটির পরিচালক জ্যাঁ রেনোয়া।
সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হয় জয়ু নয়েল। ক্রিস্তিয়ান ক্যারিয়ন পরিচালিত ছবিটিতে প্রথম বিশ্বযুদ্ধের ক্রিস্টমাসের বিকেলে জার্মান, ফরাসি এবং স্কটিশরা একত্র হয় এবং নতুন করে রক্তক্ষয়ী যুদ্ধের পিছে লুকিয়ে থাকা মূলহোতাদের সম্পর্কে জানতে পারে, যেখানে তারা মানবিকতার নতুন সত্য খুঁজে পায়।
আজ শেষ দিন বিকেল চারটায় লা শম্ব দেজ অফিসার্স ছবিটি প্রদর্শিত হবে। ২০০১ সালে নির্মিত ছবিটির পরিচালক ফ্রাংকয়েস দুপিয়িরন। সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে দ্য হোয়াইট রিবন ছবিটি। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মাইকেল হানিকি।