বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের তখনো ৩০ মিনিট বাকি। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের মঞ্চে ‘বিশ্ববীণা’র শিল্পীরা সার বেঁধে বসেছেন। ঠিক সাড়ে ছয়টায় হারমোনিয়ামে বেজে উঠল, ‘জয় হোক, জয় হোক নব অরুণোদয়’। যথাসময় অনুষ্ঠান শুরু হওয়ার রেওয়াজ রাজধানীতে খুব কমই। বিশ্ববীণার সময়নিষ্ঠার তারিফ না করে পারেননি শ্রোতারা।নেই কোনো বক্তৃতা বা উপস্থাপনার বাগিবস্তার; শুধুই গান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটির। গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো মঞ্চ। নান্দনিকতার স্পর্শ পুরো আয়োজনেই। সমবেত গান ছাড়াও ছিল আবৃত্তি ও একক কণ্ঠের গান ও নাচ।অনুষ্ঠানে ফারজানা ইয়াসমিন ‘তুই রে বসন্তসমীরণ’, রিয়াজ মোবারক ‘তুমি যত ভার দিয়েছ, সে ভার’, খন্দকার খায়রুজ্জামান ‘আমার প্রাণের ’পরে চলে গেল কে’, কবিতা সূত্রধর ‘ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া’, মূর্তজা শরীফ ‘ওরা অকারণে চঞ্চল’, হ্যাপি জামান ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’, দেবাশিষ চক্রবর্তী ‘আমার মুক্তি আলোয় আলোয়’, সাদিয়া চৌধুরী ‘বনে যদি ফুটল কুসুম’, রোকসানা খান ‘আমার না বলা বাণীর ঘন যামিনীর’, প্রমোদ রঞ্জন রায় ‘স্বপনে দোঁহে ছিনু কী মোহে’, সাজ্জাদ হোসেন ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, সুমী চক্রবর্তী ‘তোমায় গান শোনাব তাই’, কার্তিক চন্দ্র মণ্ডল ‘আজি যত তারা তব আকাশে’ এবং বীণা দত্ত ‘পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে’ পরিবেশন করেন। সমবেত পরিবেশনা ‘বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে’ এবং ‘তার অন্ত নাই গো যে আনন্দে’র সঙ্গে ছিল নাচ। সমবেত কণ্ঠে ‘কান্নাহাসির দোল-দোলানো’ গানের পরিবেশনা দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরু থেকেই মিলনায়তন ভর্তি দর্শকদের মধ্যে যে মুগ্ধতা ছড়িয়ে পড়েছিল, তার রেশ ছিল শেষ পর্যন্ত।