বিশ্বশান্তির পতাকা ওড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় পথনাট্যোৎ​সবের উদ্বোধনী দিনে গতকাল পরিবেশিত নাটকের একটি দৃশ্য l প্রথম আলো
শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় পথনাট্যোৎ​সবের উদ্বোধনী দিনে গতকাল পরিবেশিত নাটকের একটি দৃশ্য l প্রথম আলো

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শুরু হলো আট দিনের ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৬’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একঝাঁক বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
গতকাল বিকেলে পথনাটক উৎসব উদ্বোধনের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দেন সংস্কৃতজনেরা। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী কালিদাস কর্মকার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। এবারের উৎসবের স্লোগান, ‘জঙ্গিবাদ রুখে দাঁড়াও, বিশ্বশান্তির পতাকা ওড়াও’।
উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। উদ্বোধনী কথনের আগে মনিরুজ্জামানের বাঁশি ও সোবহানের ঢোলের বাদ্যের সুরে ছবি আঁকেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চিত্রশিল্পী কালিদাস কর্মকার। ১৫ মিনিটে বড় আকৃতির ক্যানভাসে সুরের সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ছবি আঁকেন শিল্পী।
উদ্বোধনী দিনের আয়োজনের সূচনা হয় সুবচন নাট্য সংসদের শিল্পীদের কণ্ঠে পরপর তিনটি গান পরিবেশনের মধ্য দিয়ে। তাঁরা গেয়ে শোনান বাউল সাধক শাহ আবদুল করিমের গান। এরপর ১০ মিনিটের কোরিওগ্রাফিতে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সম্মুখযুদ্ধ ও মুক্তির উল্লাস শ্রোতা-দর্শকদের সামনে তুলে ধরে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)। তাদের কোরিওগ্রাফি শুরু হয় ‘একাত্তরের মুক্তি সেনা জাগো জাগো’ গানের মধ্য দিয়ে। আর শেষ হয় ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানের মধ্য দিয়ে। এদিন সাংস্কৃতিক পরিবেশনায় আরও অংশ নেয় মহাকাল নাট্য সম্প্রদায় ও লোক নাট্যদল (বনানী)।
উৎসবটি সাজানো হয়েছে ঢাকা ও ঢাকার বাইরে ৪৪টি নাট্যদলের ৪৪টি নাটক দিয়ে। নাট্যোৎসবের প্রথম দিন দুটি নাটকের প্রদর্শনী হয়। মমতাজউদদীন আহমদ রচিত ও হামিদুর রহমানের নির্দেশনায় পদাতিক নাট্য সংসদ টিএসসি পরিবেশন করে স্বাধীনতাসংগ্রাম। প্রাচ্যনাট পরিবেশন করে পুতুল মানব।
৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে ছয়টি করে নাটকের প্রদর্শনী হবে। উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার সংলাপ থিয়েটার পরিবেশন করবে খ্যাপা পাগলার প্যাঁচাল, বাতিঘর গরু, নাট্যভূমি কানার হাটবাজার, বহুবচন থিয়েটার জয় বাংলা, ইউনিভার্সেল থিয়েটার ছাড়পত্র ও ঝিনাইদহের বনলতা নাট্য সংসদ জন্মান্ধ।