
এত দিন ছিল শুধু বই আর বই। এবার তার সঙ্গে যুক্ত হলো চিত্রকলা। গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটিত হলো বিশ্বসাহিত্য কেন্দ্র চিত্রশালার। কেন্দ্রের নতুন ভবনের পঞ্চম তলায় দেশের বরেণ্য ৪০ জন শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী দিয়ে যাত্রা শুরু হলো চিত্রশালাটির।
যাঁদের হাত ধরে দেশের আধুনিক চিত্রকলার যাত্রা শুরু, তাঁদের কাজ দিয়েই সাজানো হয়েছে চিত্রশালাটি। প্রথম ছবিটিই শিল্পাচার্য জয়নুল আবেদিনের। জলরঙে আঁকা সাঁওতাল দম্পতি। এই কক্ষে আরও আছে পটুয়া কামরুল হাসানের তেলরঙে আঁকা দুই সখী, সফিউদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধ নিয়ে একটি এচিং, এস এম সুলতানের জলরঙে আঁকা জমিতে ফসল বুনতে থাকা কিষান-কিষানির দৃশ্য। একটি ভিন্ন ধরনের কাজ আছে মোহাম্মদ কিবরিয়ার। সাধারণত তাঁর বিমূর্ত রীতির কাজের সঙ্গেই দর্শকদের বেশি পরিচয়। এই প্রদর্শনীতে আছে বাদামি কাগজের ওপর কালো রঙের ছাপ দেওয়া একটি বালকের প্রতিকৃতি। লিথোগ্রাফিতে করা এই ছাপচিত্র। রশিদ চৌধুরীর খ্যাতি বুননশিল্পের জন্য। এই প্রদর্শনীতে আছে তাঁর ‘শ্যামাঙ্গিনি’ নামের একটি তেলচিত্র।
এ ছাড়া আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক, দেবদাস চক্রবর্তী, মুস্তাফা মনোয়ার, শাহতাব, সৈয়দ জাহাঙ্গীর, আবু তাহের, সমরজিৎ রায়চৌধুরী, গোলাম সারোয়ারসহ দেশের অগ্রগণ্য শিল্পীদের বিভিন্ন মাধ্যমের কাজ রয়েছে প্রদর্শনীতে। এর কিছু আছে শুধুই প্রদর্শনের জন্য, কিছু বিক্রির।
শিল্পাচার্যের স্ত্রী বেগম জাহানারা আবেদিন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক শরিফ মোহাম্মদ মাসুদ।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে ৩৫ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম চলছে। পাঠাভ্যাস গড়ে তোলার প্রতিই প্রধান গুরুত্ব দেওয়া হয়েছিল। আমাদের লক্ষ্য বৈশ্বিক দৃষ্টিসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ গড়ে তোলা। সে জন্য মানবজ্ঞানের যাবতীয় শাখার চর্চা ও অনুশীলনের ব্যবস্থা কেন্দ্রে রাখা হয়েছে। পাঠাগারের পাশাপাশি গড়ে তোলা হয়েছে সংগীত ও চলচ্চিত্রের আর্কাইভ। এবার এই চিত্রশালাটি সংযোজিত হলো। দেশের প্রধান শিল্পীদের পাশাপাশি নবীন প্রতিভাবান শিল্পীদের কাজও এখানে প্রদর্শিত হবে।’ শিল্পী ও শিল্পানুরাগীদের সমাগমে এই চিত্রশালা প্রাণবন্ত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রদর্শনীটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
তরুণ কবি ও লেখক পুরস্কার
সাহিত্য পত্রিকা কালি ও কলম তরুণ কবি ও লেখকদের অনুপ্রাণিত করতে ২০০৮ সাল থেকে পুরস্কৃত করে আসছে। কাল শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ২০১৩ সালের এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার বিতরণ করা হবে।
চলচ্চিত্র প্রদর্শনী
আজ জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে গতকাল থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে শিল্পকলা একাডেমীতে। গতকাল বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির নির্মিত স্বরূপ সন্ধান। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে আলোচনা সভা ও প্রীতি সম্মিলনী। পরে প্রদর্শিত হবে আবদুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ। শুক্রবার তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি, শনিবার কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে ও শেষদিন রোববার আলমগীর কবির পরিচালিত সীমানা পেরিয়ে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শনী শুরু হবে।
সুনামগঞ্জে লোক উৎসব
সুনামগঞ্জ অফিস জানায়, সুনামগঞ্জে আজ বৃহস্পতিবার থেকে রাধারমণ দত্ত, হাসন রাজা ও শাহ আবদুল করিম সঞ্চরণে তিন দিনব্যাপী লোক উৎসব শুরু হচ্ছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে। একই সঙ্গে উৎসব মাঠে তিন দিনের বইমেলা হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত উৎসব চলবে।