বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়ার পুরস্কার বিতরণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ শুরু হচ্ছে আজ। সারা দেশের স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থীকে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয়ে উঠবে আলোকিত মানুষ হওয়ার অনুপ্রেরণার উৎসব। আজ শুক্রবার সকাল নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ঢাকায় রমনার বটমূলে।গতকাল বৃহস্পতিবার সকালে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সারা দেশে স্কুল-কলেজ পর্যায়ে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কার্যক্রমের তাৎপর্য ও কর্মসূচির কথা জানান কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় উপস্থিত ছিলেন এই কার্যক্রমের সহায়তাকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের প্রধান দেবাশীষ রায় ও কেন্দ্রের পরিচালক শরিফ মোহাম্মদ মাসুদ।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ৩৪ বছর ধরে বই পড়াকে উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্র এই কর্মসূচি চালিয়ে আসছে। বর্তমানে সারা দেশের সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ছাত্রছাত্রী এই কর্মসূচির সদস্য। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি বড় অনুষ্ঠানের মাধ্যমে ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। এতে প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকের সমাবেশ ঘটে। ছাত্রছাত্রীরা দেশের বরেণ্য ব্যক্তিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে গৌরবান্বিত বোধ করে। তাঁদের কথা শুনে আরও সুন্দর স্বপ্ন নিয়ে বেড়ে ওঠার অনুপ্রেরণা পায়। এরই ধারাবাহিকতায় এবারও ঢাকায় দুই দিনব্যাপী এবং চট্টগ্রাম ও খুলনায় এক দিন করে মোট তিনটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ ঢাকায় রমনার বটমূলে সকাল নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম পর্ব চলবে বেলা একটা পর্যন্ত। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে বেলা আড়াইটা থেকে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কাল শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।বৌদ্ধ-ঐতিহ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনীগুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের আলোকচিত্রী বিনয় কে ভেলের ‘বুড্ডিস্ট হেরিটেজ ইন সাউথ এশিয়া’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে পাঁচটায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। এতে প্রায় ৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হবে। ২৫ জানুয়ারি ২০১৩ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। বিনয় কে ভেল একজন চলচ্চিত্রনির্মাতা, শিল্পকলা-ইতিহাসবিদ এবং আলোকচিত্রী হিসেবে ৩৪ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তিনি এশিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং শিল্প-ঐতিহ্যের প্রায় ৩৬ হাজার ছবি তুলেছেন এবং শিল্পের ইতিহাসের ওপর শতাধিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।আজ থেকে জাতীয় পিঠা উৎসবশিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে আট দিনের জাতীয় পিঠা উৎসব। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিকেলে উৎসবের উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ। মেলায় ৪০টি স্টল থাকবে। ২৫ জানুয়ারি পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত স্টল খোলা থাকবে। এ ছাড়া চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।গুণীজন সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান ধ্রুব শিশু-কিশোর শিল্পী সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও বিশেষ সংগীতানুষ্ঠান হবে আজ বিকেল পাঁচটায় ধানমন্ডির নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে। অনুষ্ঠানে নজরুলসংগীতশিল্পী নীলিমা দাশ, শাহীন সামাদ, কবি রেজাউদ্দিন স্টালিন ও সংগঠক মানজারুল ইসলাম চৌধুরীকে সম্মাননা দেওয়া হবে। পরে থাকবে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান।