বিশ্বসুন্দরীতে বাংলাদেশের অংশ নেওয়া প্রাসঙ্গিক: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আয়োজক
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আয়োজক

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়টিকে প্রাসঙ্গিক বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘নারীরা তাঁদের মেধা, সৌন্দর্য, মনন এবং পোশাক-পরিচ্ছদের মধ্য দিয়ে একটা দেশের প্রতিনিধিত্ব করবে। সুতরাং সৌন্দর্য প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণে কোনো অসুবিধা নেই।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বিশ্বের সেরা সুন্দরীদের সবচেয়ে কাঙ্ক্ষিত আসর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম এ আসরে থাকবে বাংলাদেশের প্রতিযোগীও। এ লক্ষ্য নিয়ে দেশে শুরু হচ্ছে বাছাই প্রতিযোগিতা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত তা চলবে। ১৮ থেকে ২৭ বছর বয়সী বাংলাদেশি মেয়েরা এতে অংশ নিতে পারবেন। এমনকি তারকা শিল্পী বা দেশের কোনো প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পীরাও আবেদন করতে পারবেন। আর নিবন্ধন করা যাবে www. missworldbangladesh. com ওয়েবসাইটে গিয়ে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মনে করছেন, ‘এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রতিযোগীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আর বিশ্ববাসী জানবে, আমাদের নারীরা অন্য দেশের নারীদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই।’ তিনি বলেন, ‘আমাদের নারীরা খেলাধুলা করেন, গান গাইতে পারেন, পোশাকশিল্পের কারখানায় কাজ করতে পারেন, অফিসে কাজ করতে পারেন, বিমান চালাতে পারেন, পুলিশে হতে পারেন, সৈনিক হতে পারেন—বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তাঁরা সফলতা দেখাতে পারবেন। প্রশাসনের উচিত হবে, আয়োজক প্রতিষ্ঠান যাতে নির্বিঘ্নে আয়োজনটি সম্পন্ন করতে পারে, তাতে সহযোগিতা করা।’
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা নিয়ে নানা ধরনের সমালোচনা হয়। এ ধরনের প্রতিযোগিতায় নারীর অংশগ্রহণ নিয়েও আছে অনেক বিতর্ক। এটা নারীর জন্য সম্মানজনক কি না বা নারীর বৈশিষ্ট্য ঠিকমতো মূল্যায়ন করা হয় কি না, নাকি এই প্রতিযোগিতার মাধ্যমে নারীদের পণ্য হিসেবে বিক্রি করার একটা প্রদর্শনী হয়—এসব নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে।
এই প্রসঙ্গ টেনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা আয়োজনের চেয়ারম্যান জুলিয়া মরলের ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেছিলেন, ‘একজন নারীকে স্বল্পবসনা করে প্রদর্শনের দরকার নেই। এভাবে উপস্থাপনে আমরা আগ্রহী নই। একজন নারীর মেধা, মনন ও উৎকর্ষে বিশ্বাসী। স্বল্পবসনা না হয়ে তরুণীরা একে অপরের সঙ্গে মিশবে, একে অপরকে জানবে। আমি নারীদের বিকিনি পরে চোখের সামনে হাঁটাহাঁটি করছে দেখতে চাই না। এটা নারীদের জন্য কোনো উপকারই হয় না। আমাদেরও না।’ আর স্বল্পবসনা হয়ে শরীর প্রদর্শনের মধ্য দিয়ে সৌন্দর্য বিকশিত হয় না বলেও জানান তিনি।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতার পরবর্তী পর্ব অডিশন এবং টিভি রাউন্ড শুরু হবে ১ সেপ্টেম্বর। পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গালা রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। আর এই অংশগুলো প্রচারিত হবে এনটিভিতে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য বাংলাদেশের বিজয়ী নারী শুধু দেশেই নন বরং গোটা বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আমরা সেই পরিকল্পনা থেকেই এ প্রতিযোগিতাটির ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছি দেশে।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক লাভেলো।