বিশ্বসেরা আলোকচিত্র প্রদর্শনীর আজ সমাপনী
এ রকম প্রদর্শনীতে এমনটাই হওয়া স্বাভাবিক। দর্শক যখন এসব ছবি দেখছে, তখন কখনো দুঃখভারাক্রান্ত হচ্ছে তাদের মন, আবার বিস্ময় প্রকাশ করছে কোনো দৃশ্যে। বিশ্বে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিচিত্র ছবি শোভা পাচ্ছে ধানমন্ডির দৃক গ্যালারিতে। বিশ্বসেরা সংবাদ আলোকচিত্রগুলো নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১২ শীর্ষক এ প্রদর্শনীর আজ শেষ দিন। প্রদর্শনীর আয়োজক নেদারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো। গত ২৬ এপ্রিল এ প্রদর্শনীর শুরু হয়। বিশ্বের পেশাদার ফটোসাংবাদিকদের কাজের মূল্যায়ন তথা স্বীকৃতিদানের লক্ষ্যে ১৯৫৫ সালে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিষ্ঠিত হয়। ফটোসাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বিশ্বের সব ফটোসাংবাদিককে একটি অভিন্ন প্ল্যাটর্ফমে দাঁড় করানোর প্রচেষ্টায় প্রতিবছর প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে এ সংস্থা। এবার ১২৪টি দেশ থেকে মোট পাঁচ হাজার ২৪৭ জন আলোকচিত্রীর এক লাখ ২৫৪টি ছবি জমা পড়ে। এর মধ্যে ১৬০টি ছবি নয়টি বিভাগে পুরস্কার পায় এবং প্রদর্শনীর জন্য মনোনীত হয়। এবার এ বার্ষিক প্রদর্শনী বিশ্বের প্রায় ১০০টি স্থানে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আর সেই সূত্র ধরে দৃক গ্যালারি নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ঢাকার এ প্রদর্শনীর আয়োজন করে। আমস্টারডামে প্রদর্শনীর পর ঢাকাতেই ছবিগুলোর দ্বিতীয় প্রদর্শনী হলো।