বিশ্বসেরার তালিকায় আশা ভোঁসলে
বিশ্বসেরা ২০ সংগীতশিল্পীর তালিকায় এবার উঠে এসেছে আশা ভোঁসলের নাম। মার্কিন যুক্তরাষ্ট্রের সিএনএন গত ৫০ বছরের সেরা ২০ জন শিল্পীর নাম চূড়ান্ত করার জন্য এক জরিপ করেছে। সেরা ২০ সংগীতশিল্পীর তালিকায় আরও আছেন এলভিস প্রিসলি, বব ডিলান, মাইকেল জ্যাকসন, আরেথা ফ্রাংকলিন, রোলিং স্টোন, জেমস ব্রাউন, বব মার্লে, সেলিয়া ক্রুজ, ম্যাডোনা, পাকিস্তানের সুফি গায়ক নুসরত ফতেহ আলী খান, আরবি ভাষার গানের শিল্পী আলজেরিয়ার খালেদ প্রমুখ।এদিকে বৃহস্পতিবার ভারতের কলকাতায় এসেছেন আশা ভোঁসলে। ওই দিন মহাকরণে আয়োজিত সুচিত্রা মিত্রের গাওয়া রবীন্দ্রসংগীতের দুটি সিডির একটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে সুচিত্রা মিত্রের সিডিটি তুলে দেন আশা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষে আসা এই অ্যালবামের নাম কিছুতেই যায় না মনের ভার। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি সুচিত্রা মিত্র।