বিষাদের কবিতা নিয়ে মাহি
‘যা পেলে তা পাওয়ার খাতা/ভরাট এবং ভরাট/প্রেম কিন্তু না পাওয়াটা/ নিখিল শূন্য মলাট’—সেলিম আল দীনের এই দর্শন সামনে রেখে এবার আবৃত্তির অ্যালবাম করেছেন মাহিদুল ইসলাম। নাম বিষাদ জমেছে এখানে। নিজের নতুন অ্যালবাম নিয়ে মাহি বললেন, ‘প্রেমের বিরহের কারণেই ভালোবাসাটা গভীর হয়। তীব্র বিষাদ আর তীব্র সুখের ব্যবধান খুব সূক্ষ্ম। বিষাদের নির্যাস থেকেই ভালোবাসার ঐশ্বর্য পাওয়ার চেষ্টা করেছি এই অ্যালবামে।’মাহি আরও বলেন, ‘এ পর্যন্ত অনেক অ্যালবামেই আবৃত্তি করেছি। কিন্তু এটি একেবারেই অন্য রকম। একেবারেই ভালোবাসার কবিতা। কবিতাগুলোও সে রকমই।’ভালোবাসা দিবস উপলক্ষে আবৃত্তিমেলা থেকে এসেছে অ্যালবামটি।অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে এই প্রতিষ্ঠান থেকে আরও এসেছে মাহিদুল ইসলামের আরও দুটি অ্যালবাম পার্থ তোমার তীব্র তীর ও গানের কবিতা। শেষের অ্যালবামটিতে তিনি আবৃত্তি করেছেন সিদ্দিক আবু বকরের লেখা ২৬টি গানের আবৃত্তিরূপ।