বিষু উৎসবে মণিপুরী থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটের গাঁথুনির ওপর বাঁশ, বেত ও কাঠ দিয়ে নির্মিত ঘর। ওপরে টিনের ছাউনি। ছাউনিটি স্টুডিওকে বাইরে থেকে গ্রামীণ ছাঁচ দিলেও এর ভেতরকার রূপ অনেকটাই আধুনিক। আসন সংখ্যা ২০০। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী থিয়েটারের স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’-এর চিত্র এমনই।ঘোড়ামারা গ্রামে এই স্টুডিও থিয়েটার এবার আলোকোজ্জ্বল হয়ে উঠবে বিষু উৎসবকে কেন্দ্র করে নাট্যোৎসবের আনন্দে। মণিপুরিদের বর্ষবিদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে মণিপুরী থিয়েটারের আয়োজনে ‘জীবন-মরণ-নাচের ডমরু বাজাও’ শিরোনামে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্যোৎসব। নিজস্ব স্টুডিও থিয়েটার নটমণ্ডপে এই উৎসব শুরু হবে ১১ এপ্রিল এবং চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।উৎসবে থাকছে মণিপুরী থিয়েটারের পাঁচটি প্রযোজনা। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হবে উৎসব। প্রথম দিন রয়েছে দুটি নাটক: মাইকেল মধুসূদন দত্তের কাব্য অবলম্বনে মহাকাব্যের বীরাঙ্গনা নারীদের কাহিনি নিয়ে জ্যোতি সিনহার একক অভিনয়ভিত্তিক নাটক কহে বীরাঙ্গনা এবং বড়ু চণ্ডীদাসের কাব্য অবলম্বনে রাধা ও কৃষ্ণের লৌকিক প্রেমের আখ্যান শ্রীকৃষ্ণকীর্তন।দ্বিতীয় দিন থাকছে ধ্বজো মেস্তরীর মরণ। এ ছাড়া শুভাশিস সিনহার রচনায় এক মণিপুরি বাদ্যশিল্পীর অস্তিত্বের টানাপোড়েনের প্রতীকী গল্প ইঙাল আধার পালা পরিবেশিত হবে তৃতীয় দিন।উৎসবের শেষ দিন পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে ধনঞ্জয় রাজকুমারের রূপান্তরিত নাটক লক্ষ্মী গিথানক। উৎসবের সব কটি প্রযোজনার নির্দেশক শুভাশিস সিনহা। উৎসব সম্পর্কে তিনি বলেন, ‘উৎসবের মাধ্যমে আমরা মণিপুরি সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চাই। উৎসবকে কেন্দ্র করে প্রায় দুই মাস ধরে নাটকগুলোর নিয়মিত মহড়া করছি। মণিপুরিপাড়াগুলো তাই এখন থেকেই যেন উৎসবমুখর।’উল্লেখ্য, নাটকগুলো কোনো দর্শনী ছাড়াই সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে নাটক শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫ এপ্রিল বিকেলে মণিপুরিদের ঐতিহ্যবাহী পাশা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।