
পেছনে শৈশবের গ্রাম, শরৎ আকাশে ঘুড়ি ওড়ানোর স্মৃতি। সামনে বিশালদেহী যুবার শরীর কাপড়ে প্যাঁচানো। এ বন্ধন যেন অতীত স্মৃতির। নবীন শিল্পী জয়তু চাকমার ছবিটির শিরোনামও তাই বলছে—স্মৃতিকাতরতা।
শিল্পকলা একাডেমিতে ২২৭টি শিল্পকর্ম নিয়ে গতকাল শুরু হয়েছে ২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, চিত্রশিল্পী রফিকুন নবী ও সৈয়দ জাহাঙ্গীর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
অনুষ্ঠানে ছাপচিত্র, চিত্রকলা, মিশ্র মাধ্যমসহ সব মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পান শিল্পী সৈয়দ তারেক রহমান। উডকাঠে মোহাম্মদ ফকরুল ইসলাম মজুমদার, মিশ্র মাধ্যমে সনদ কুমার বিশ্বাস ও তেলরঙে শ্রেষ্ঠ পুরস্কার পান মো. তানভীর জালাল। এ ছাড়া সম্মাননা পুরস্কার পান নিয়াজ উদ্দিন আহমেদ, মো. জয়নুল আবেদীন, জুবলী দেওয়ান ও আখিনুর বিনতে আলী।
সুলতানা শারমিন সুই-সুতায় ক্যানভাসে গেঁথেছেন তাঁর জীবনে অনুপ্রেরণাদায়ী বেগম রোকেয়া, প্রীতিলতা, মাদার তেরেসা ও ফ্রিদা কাহলোকে। জুবলী দেওয়ান মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সুতা ও কাগজ।
অনুরাধা সাহা টেপা পুতুলের মোটিফে খুঁজেছেন শৈশব। মানিক বণিক তাঁর ছবিতে পোস্টারের মোটিফ ব্যবহার করেছেন। মাতিকুন নাহার জ্যোতি নারীর ভেতর প্রকৃতিকে দেখেছেন। দেখলে ফ্রিদা কাহলোর অঙ্কনরীতি মনে পড়ে যায়।
মহিমা বেগম মোহগ্রস্ত ফেসবুকবাসীদের ছবি এঁকেছেন। হোসাইন আল বান্না ছবিতে এঁনেছেন সেলফি-শিকারিদের।
বিষয়, মাধ্যমের এমন বৈচিত্র্য দেখে উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুন নবী বললেন, নবীনদের কাজের মান এতটাই ভালো যে তাঁদের জন্য পৃথক প্রদর্শনীর আয়োজনের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। কাজের উৎকর্ষের ক্ষেত্রে নবীনেরা অনেক বুদ্ধিদীপ্ত। এসব শিল্পীকে জাতীয় চারুকলা প্রদর্শনীতেই স্থান দেওয়া যেতে পারে।
এবারের প্রদর্শনীতে আছে ভাস্কর্য, ভিডিও আর্ট ও পারফরমিং আর্টসও। শিল্পকলা একাডেমির চিত্রশালায় চারটি গ্যালারিজুড়ে এ প্রদর্শনী চলবে আগামী ৯ জুন পর্যন্ত।