বিষয় যখন নয়া মিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনায় অতিথিরা—‘নয়া মিডিয়া’ সুযোগ না আপদ?
আলোচনায় অতিথিরা—‘নয়া মিডিয়া’ সুযোগ না আপদ?

মানুন আর না-ই মানুন, নিউ মিডিয়া যে এখন গ্রাস করেছে গণমাধ্যম, সেটা অস্বীকার করার উপায় নেই। ফেসবুক বা ইউটিউবে মানুষ এখন যতটা স্বচ্ছন্দ, যতটা সময় এতে ব্যয় হয়, তা কোনোকালেই ছিল না আগে। নিজের স্মার্টফোনেই মানুষ এখন পেয়ে যাচ্ছে প্রয়োজনীয় খবর। এটার ভালো-মন্দ দিকগুলো নিয়েই হয়ে গেল এক প্রাণবন্ত আলোচনা।

প্রবীণদের বেশির ভাগ ফেসবুক, ইউটিউব বা ব্লগের সঙ্গে তেমন পরিচিত নন, আর নবীন প্রজন্ম বেড়েই উঠছে এসব ব্যবহার করতে করতে। আলোচনা করলেন এমন একদল মানুষ, যাঁরা এই দুই প্রজন্মের মাঝামাঝি অবস্থান করেন। তাঁরা নতুন এসব মিডিয়ার পরিবর্তনগুলো সরাসরি দেখেছেন।

শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গত শুক্রবারের এই আলাপে অংশ নেন চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, ইশতিয়াক জিকো, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক সুমন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আজম ও ফাহমিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানস চৌধুরী এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শর্মি হোসেন। সঞ্চালনা করেন প্রাবন্ধিক মুসতাইন জহির।

শুক্রবার বিকেলে এই আয়োজন করে ইতিহাস ও শিল্পকলাবিষয়ক অনলাইন মাধ্যম ‘বানান’। উপলক্ষ বানানের (www.banan.space) এক বছর পূর্তি উদ্‌যাপন।

আলাপের নির্ধারিত বিষয় ছিল ‘নয়া মিডিয়া: নতুন দুনিয়া-সম্পর্কের আলাপ’। নয়া মিডিয়া বলতে এখানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমকে বোঝানো হয়েছে। মুসতাইন জহিরের অনুরোধে আলাপের সূত্রপাত করেন মোহাম্মদ আজম। তাঁর কথায়, শিল্পকলা ও সাহিত্যের ক্ষেত্রে এসব নতুন মিডিয়া কী প্রভাব রেখেছে, তা তিনি নিশ্চিত নন। তবে দার্শনিক চিন্তার ক্ষেত্রে নতুন মিডিয়ার প্রভাব তিনি দেখতে পান। তাঁর মতে, বাংলাদেশে ঐতিহাসিকভাবেই চিন্তার চর্চা তেমন ছিল না। যা কিছু ইদানীংকালে কেউ কেউ করছেন, তাঁদের প্রায় সবাই নতুন মিডিয়া থেকে উঠে এসেছেন। ইশতিয়াক জিকো নতুন মিডিয়ার প্রভাবের কথা স্বীকার করেন। কিন্তু একই সঙ্গে প্রশ্ন তোলেন, নতুন মিডিয়ার ভাষা কী হবে?

সুমন রহমান অন্য বাস্তবতা তুলে ধরেন। তাঁর মতে, ‘নতুন মিডিয়াগুলোকে কীভাবে আমরা ব্যবহার করব, সেই শিক্ষাটা এখন ভীষণ দরকার।’ তিনি বলেন, কিছুদিন আগে ব্লগার ইস্যু নিয়ে দেশে যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অনেকগুলো কারণের একটি হলো মানুষ এখনো জানে না নয়া মিডিয়ার বাস্তবতাগুলোকে কীভাবে সামাল দিতে হবে।

শর্মি হোসেন যোগ করেন, ২০০৫-০৬ সালের দিকে একদিকে অনলাইন কার্যক্রম বাড়তে থাকে, অন্যদিকে বাস্তবে মানুষের মধ্যে যোগাযোগ কমে যেতে থাকে। একসময় অনেকে তার বাস্তব পরিচয়ের থেকে অনলাইনের পরিচয়টিকে বড় করে দেখতে শুরু করেছিল।

ফাহমিদুল হক জানান বিশ্বব্যাপী নয়া মিডিয়ার অবস্থাগুলো। তাঁর মতে, এটির তিনটি পর্যায়। প্রথম পর্যায়ে মানুষ নিজের হাতে একটি গণমাধ্যম পেল। তাদের কাছে এটা চমক ছিল ইচ্ছে হলেই নিজের মত অন্যদের কাছে পৌঁছে দেওয়া যায়! এমনকি কারও কোনো মতকে কত সহজে প্রশ্নও করা যায়! সংবাদপত্র, টেলিভিশন, রেডিওতে তো এটা করা যেত না। দ্বিতীয় পর্যায়ে নতুন মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে অনেকগুলো সরকারের পতন হয়ে গেল। এর ফলে সরকারগুলো ভয় পেতে শুরু করল। তাই এখন তৃতীয় পর্যায়ে এসে সরকার নয়া মিডিয়ার ওপর নজরদারি করেছে।

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নয়া মিডিয়ার আলাপ নিয়ে আসেন সিনেমার ক্ষেত্রে। বলেন, ‘নয়া মিডিয়ার সঙ্গে আমাদের যুক্ত হতেই হবে। দেরি করলে আমরা পিছিয়ে যাব। তবে ছবি বানানোর ক্ষেত্রে মাধ্যমের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমি কী বলতে চাইছি। আমার দেশের মানুষকে কোন গল্প আমি কীভাবে বলতে চাইছি—সেটা খুব গুরুত্বপূর্ণ।’

আলাপে শেষের দিকে যোগ দেন মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর ভাষ্যে, ‘অনলাইনে আমরা প্রতিদিন অনেক তথ্য গিলছি। কে ঘরের মধ্যে কী খেল, কে কোন সিনেমা দেখল—জীবন ধারণের জন্য এত তথ্য লাগে না। একই সঙ্গে অনেক ছবিও গিলছি আমরা।’ ফলে তাঁর মতে, নির্মাতাদের জন্য কাজটা চ্যালেঞ্জের হয়ে গেছে। আগে একটা সুন্দর জায়গার কোনো দৃশ্য দেখলেই যেখানে ভালো লাগত, সেখানে অনলাইনের মাধ্যমে এখন যেকোনো সময় সেটা দেখে নেওয়া যায়। ফলে একটি সিনেমার ভেতরে কী আছে, সিনেমারটির আত্মা কোথায়, সেটাই এখন খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ‘নয়া মিডিয়া কণ্ঠহীনকে কণ্ঠ দিয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা তথ্য আবর্জনার যুগে চলে এসেছি।’