বিষয়টি স্রেফ গুজব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

গত কয়েকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন চলছিল, বিদ্যা বালান নাকি মা হতে চলেছেন। শুরুতে চুপ থাকলেও সম্প্রতি বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। আপাতত তাঁর মা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন এ ‘পরিণীতা’ তারকা।

বিদ্যা ও ফারহান আখতার অভিনীত পরবর্তী ছবি ‘শাদি কি সাইড ইফেক্টস’ মুক্তি পাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এখন বিদ্যার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে ছবিটির প্রচারণায়। সম্প্রতি এর প্রচারণার কাজে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা।

অনুষ্ঠানে বিদ্যাকে জিজ্ঞেস করা হয়, বাচ্চা-কাচ্চা নিয়ে পুরোদমে সংসার জীবন কবে শুরু করবেন তিনি। জবাবে বিদ্যা বলেন, ‘ইনশাআল্লাহ একদিন আমি এই প্রশ্নের জবাব দিতে পারব। কিন্তু এই মুহূর্তে এ ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২০১২ সালের ডিসেম্বরে ডিজনি-ইউটিভির ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ রয় কাপুরকে বিয়ে করে সংসার জীবন শুরু করেছেন বিদ্যা বালান। চলতি মাসের শুরুর দিকে বিদ্যার মা হওয়ার খবর চাউর হয় বলিউডে।


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন মুম্বাইয়ের একটি হাসপাতালে যেতে দেখা যাচ্ছে বিদ্যাকে। বিষয়টি তিনি গোপন রাখলেও তা গোপন থাকেনি। ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আন্ধেরির পরিচিত একটি হাসপাতালে বেশ কয়েকবার দেখা গেছে বিদ্যাকে। বেশির ভাগ সময় তিনি সেখানে একাই গেছেন। তবে মাঝেমধ্যে পরিবারের কয়েকজন সদস্যকেও দেখা গেছে বিদ্যার সঙ্গে। কয়েক সপ্তাহ ধরেই এমনটা চলছে। হাসপাতালটির একজন চিকিত্সকের তত্ত্বাবধানে রয়েছেন বিদ্যা। প্রায়ই তিনি ওই চিকিত্সকের কাছে গিয়ে নানা পরামর্শ নিচ্ছেন।

শুধু তা-ই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি গোপন রাখতে বলা হয় বিদ্যার পক্ষ থেকে। এ জন্য বার বার যোগাযোগ করা সত্ত্বেও এ বিষয়ে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করে হাসপাতালটির মুখপাত্র ও কর্মচারীরা।