বিষয়ভিত্তিক নাট্যোৎসব দর্শকদের আকর্ষণ কাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪ বছরে পা রেখেছে থিয়েটার। এই দীর্ঘ সময়ে থিয়েটার মঞ্চে এনেছে ৪৫টি নাটক। এবার তার মধ্য থেকে একটি নতুন নাটকসহ সাতটি নাটক নিয়ে আয়োজন করা হয়েছে ‘থিয়েটার সপ্তাহ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এ উৎসব শুরু হচ্ছে কাল ৪ ডিসেম্বর। থিয়েটার আর থিয়েটার সপ্তাহ নিয়ে কথা বললেন থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার। সাক্ষাৎকার নিয়েছেন বাবুল বিশ্বাস।
রামেন্দু মজুমদার
রামেন্দু মজুমদার

‘থিয়েটার সপ্তাহ’ শব্দটি প্রথম নাট্যকর্মীদের কানে আসে ১৯৭৭ সালের ৩ এপ্রিল। আপনারাই থিয়েটার সপ্তাহ পালন করেছিলেন। বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে। এবারের থিয়েটার সপ্তাহ ও ৪০ বছর আগের থিয়েটার সপ্তাহের মধ্যে গুণগত কোনো পার্থক্য আছে?
পার্থক্য আছে বৈকি। তখন পর্যন্ত আমাদের প্রযোজনার সংখ্যা ছিল ছয়টি। থিয়েটার সপ্তাহে ওই ছয়টি নাটকই অভিনীত হয়েছিল। এরপর ১৯৮৫ সালে আমাদের আরও সাতটি নাটক নিয়ে থিয়েটার সপ্তাহের আয়োজন করেছিলাম। তবে এবার থিয়েটার সপ্তাহের সাতটি নাটকের মধ্যে বৈচিত্র্য আছে। তা ছাড়া একটি নতুন নাটকের প্রথম অভিনয় হচ্ছে এ উৎসবে।
১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারি ‘কবর’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে থিয়েটার নাট্যগোষ্ঠীর যাত্রা শুরু। ৪৫টি প্রযোজনা থেকে এবার থিয়েটার সপ্তাহে সাতটি নাটক বাছাই করেছেন। কী ধারণার ভিত্তিতে এ নাটক বাছাই করেছেন?
আমাদের উৎসবের স্লোগান ‘সবার উপরে জীবন সত্য’। কেবল বাংলাদেশ নয়, গোটা পৃথিবীজুড়ে মানুষের প্রাণ নিয়ে যে হোলিখেলা শুরু হয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাইতে চাই। কেবল মানুষ নয়, প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধেও আমরা। সেই ভাবনা থেকে নাটকগুলো আমরা বাছাই করেছি।
১৯৮০ সাল পর্যন্ত বাংলাদেশের নাটকে যে বিচিত্র নিরীক্ষা হয়েছে সংলাপ, বিষয়বস্তু ও নির্দেশনার নিরিখে, বর্তমান সময়ে এসে তার ফলাফলে আপনি সন্তুষ্ট?
আমাদের মঞ্চের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নাটক নিয়ে যেসব নিরীক্ষা হয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তারই ধারাবাহিকতায় এখন জাতীয় নাট্যশালার মতো আধুনিক মঞ্চে নানা নিরীক্ষাধর্মী নাটক মঞ্চস্থ হচ্ছে। তবে নাটকের প্রাণ হচ্ছে অভিনয়। অভিনয়ের দুর্বলতা ঢাকতে অনেক সময় কোরিওগ্রাফি আর বর্ণনার আধিক্য সত্যিই পীড়াদায়ক। তবে আমি দ্বিধাহীন কণ্ঠে স্বীকার করব, আমাদের কয়েকজন তরুণের সৃষ্টিশীলতা আমাদের নাটকের ভুবনকে আলোকিত করেছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আপনার হাতে গড়া। আপনাদের হাতে গড়া সন্তানেরাই এখন এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
এই তো সেদিন আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৫ বছর পূর্তি উদ্যাপন করলাম। ফেডারেশন এখন নাট্যকর্মীদের সমবেত শক্তি। অনেক অভিন্ন সমস্যা আমরা এক জোট হয়ে মোকাবিলা করেছি। নাটকের সামগ্রিক মান উন্নয়নেও ফেডারেশন বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে। তবে হতাশ হই যখন দেখি ভালোভাবে নাটক করার চেয়েও ফেডারেশনের নেতৃত্বের প্রতিই অনেকের আকর্ষণ বেশি। সৃষ্টিশীলতার চেয়ে সাংগঠনিক কাজ বড় হতে পারে না। একজন সংগঠককে অবশ্যই সৃষ্টিশীল একজন মানুষ হতে হবে।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ সেন্টার আপনার হাতে গড়া। নিজে সার্থকভাবে দুবার বিশ্ব সভাপতি হয়েছেন। বাংলাদেশের নাট্য সংস্কৃতি এ ক্ষেত্রে কতটুকু উপকৃত হয়েছে?
৩৫ বছর ধরে আমি আইটিআইর সঙ্গে জড়িত। ফলে আইটিআই আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। বাংলাদেশের সীমানা পেরিয়ে আমি বিশ্ব আইটিআইর জন্য কাজ করেছি। অনেক গুণী মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, অনেকের বন্ধুত্ব লাভ করেছি, নানা দেশে যে সম্মান পেয়েছি তা ছিল আমার কল্পনার অতীত। সেটা সম্ভব হয়েছে আমাদের দেশের সক্রিয় নাট্যচর্চার জন্য। এযাবৎ আমরা বাংলাদেশ আইটিআইর উদ্যোগে ১১টি আন্তর্জাতিক সেমিনার ও নাট্যোৎসব করেছি। ও ফার্লড অব থিয়েটারের মতো অনেক গুরুত্বপূর্ণ প্রকাশনা করেছি। বিদেশি নাট্যব্যক্তিত্বরা আমাদের দেশে এসে নাটক দেখে ও নাট্যকর্মীদের প্রাণচাঞ্চল্য দেখে মুগ্ধ হেয়ছেন। আইটিআই বাংলাদেশের নাট্যাঙ্গনের সঙ্গে বিশ্বনাটকের একটি সেতুবন্ধ রচনা করেছে। এতে বাংলাদেশের নাটক বিশ্বনাটকের মানচিত্রে ঠাঁই পেয়েছে।
প্রতি মাসেই দেখা যাচ্ছে নাট্যোৎসব হচ্ছে। নাট্যোৎসবে প্রায় একই নাটকের পুনরাবৃত্তি হচ্ছে। দর্শক হিসেবে আপনার প্রতিক্রিয়া কী?
আসলে কয়েকটি দলের চলতি প্রযোজনাকে নিয়ে নাট্যোৎসব করাতে কোনো বৈশিষ্ট্য নেই। বিষয়ভিত্তিক নাট্যোৎসব করলে দর্শকদের আকর্ষণ কাড়ে। আমরা প্রত্যাশা করব নতুন নতুন ভাবনা নিয়ে নাট্যোৎসব আয়োজিত হবে। তবেই দর্শক তৃপ্ত হবেন, নতুন দর্শক তৈরি হবে।
থিয়েটার সপ্তাহ এদিক থেকে ব্যতিক্রম। নিজস্ব প্রযোজনা নিয়ে উৎসব আয়োজন, এটি উৎসবের একটি ভিন্ন দিক। আপনারা কী থিয়েটারের এই উৎসবে যতগুলো নাটক করছেন, তার সব কটি পুনঃপ্রদর্শনের সিদ্ধান্ত নেবেন?
একই দলের সাতটি নাটক নিয়ে উৎসব করা সহজসাধ্য কাজ নয়। তার ওপর আছে নতুন নাটক। এ উৎসবের মধ্য দিয়ে আমাদের দলের কর্মীরা উজ্জীবিত হবেন বলে আশা রাখি। আমাদের দলে এখন আটটি নাটক আছে, যা যেকোনো সময়ে করতে পারি। আমরা নাটকগুলো ঘুরিয়ে-ফিরিয়ে করতে চাই। কিন্তু আমরা তো মঞ্চ পাই না। তা ছাড়া এত নাটক সংরক্ষণ করা কঠিন আর ব্যয়সাধ্য।
দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছেন, সেই ছাত্র-শিক্ষক নাট্যগোষ্ঠী থেকে থিয়েটার নাট্যগোষ্ঠী হয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল, থিয়েটার পত্রিকা। আজকের নাট্যকর্মীদের কাছে যেন এক কল্পকাহিনি। আজকের ছেলেমেয়েরা কি এতটা সময় দেবে?
পেছনে ফিরে তাকালে মনে হয় আমি সময়ের দাবি পূরণ করেছি। তবে বড় কোনো কাজ এখনো করতে পারিনি। জীবনের যে কয়টা দিন বাকি আছে, সে সময়ের মধ্যে স্থায়ী কিছু করতে চাই। আমাদের তরুণদের মধ্যে অনেক দক্ষ মানুষ আছেন। সঠিকভাবে পরিকল্পনা করে আন্তরিকভাবে চেষ্টা করলে আমাদের চেয়ে আরও বড় কাজ তাঁরা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। নতুন প্রজন্মের ওপর আমার অনেক আস্থা।
আজকের নাট্যকর্মীদের কাছে আপনার চাওয়া কী?
নতুনদের কাছে চাওয়া তাঁরা ব্যক্তিগত বা দলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের অসমাপ্ত কাজগুলো করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন।