বিস্ময়কর জাদুকর আজম খান
স্কয়ার হাসপাতালে এখন চিকিৎসাধীন আমাদের পপসম্রাট আজম খান। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। আবার কণ্ঠে তুলুন গান। পপগুরুকে নিয়ে বিশেষ এই আয়োজন। বিশ শতকের বাংলা গানের ইতিহাস যাঁরা লিখবেন, ১৯৭৩-৭৪ সালের একটা ঘটনার কথা তাঁরা কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না। বিশেষ করে একজন গায়কের কথা: তাঁর নাম আজম খান। কোনো অসাধারণ গায়ক আজম নন। কিন্তু এমন এক ধরনের গান তিনি আমাদের সেকালে শুনিয়েছিলেন, যে গান এ দেশে আগে কেউ শোনেনি। গানগুলোর কথা, সুর, ব্যবহূত বাদ্যযন্ত্র, পরিবেশনের রীতি—সবই আলাদা। কথা খুবই ভিন্নধর্মী, এমন কথা যে আদৌ গানের কথা হতে পারে, তা ভাবাই কঠিন। যেমন—ওরে সালেকা ওরে মালেকা/ওরে ফুলবানু পারলি না বাঁচাতে।বা হাইকোর্টের মাজারে/কত ফকির ঘোরে/কয়জনা আসল ফকির।কেমন কথা এসব! বাংলা গানের ১০০ বছরের স্বর্ণযুগের পর এ কী অশিক্ষিত কথা আর সুরের শ্রীছাদ! আগের সঙ্গে যেন মিলই নেই। কথা কবিত্বহীন, অবক্ষয়ের ছোঁয়ালাগা। সুরও যে সব সময় ঠিকমতো জায়গায় দাঁড়িয়ে থাকে, তাও নয়; তবু অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে দেশের তরুণ সম্প্রদায়কে এই গান মাতিয়ে তুলল। হাজার হাজার উন্মাতাল তরুণ-তরুণী জড়ো হতে লাগল তাঁর কনসার্টে; উদ্দীপনা, আনন্দ, চিৎকার আর করতালিতে উন্মুখ করে তুলল কনসার্টের অঙ্গন। নতুন এই গানের ঝাঁজ আর উত্তেজনার জ্বলন্ত উন্মাদনা যেন ঝাঁকি দিয়ে জাগিয়ে দিল আমাদের যুগ-যুগান্তরের উপেক্ষিত ও অবদমিত তারুণ্যের উদ্দাম ঝাঁজালো প্রাণবন্যা। গানগুলো ফিরতে লাগল তাদের মুখে মুখে। বোঝা গেল, একালের তরুণ সম্প্রদায়ের ফেনিলচিত্ততা তারল্য আর উত্তেজনার প্রতিনিধি হয়ে দেখা দিয়েছে গানের একটি নতুন ধারা, যার সাংগীতিক মূল্য যা-ই হোক, তরুণ বয়সের উচ্ছল-অপরিণত আবেগের বেদিতে তার পূজা সহজে থামবে না। পঞ্চাশের দশকে আমেরিকার এলভিস প্রিসলি ও ষাটের দশকে ইংল্যান্ডের বিটলসদের অনুসরণে সারা পৃথিবীতে জেগে উঠতে শুরু করেছিল এই ধারা। সবখানেই অগ্রসর ও সর্বগ্রাসী পুঁজিবাদী বিকাশের হাত ধরে দেখা দিচ্ছিল এক নতুন টিনএজার ক্রেতাসমাজ, যারা তাদের উচ্ছল, অপরিণত ও অকর্ষিত সংগীতপিপাসার সঠিক সরবরাহকারীদের খুঁজে বেড়াচ্ছে এবং তাদের দেবতার পর্যায়ে তুলে নেওয়ার জন্য ট্যাকের কড়ি পুরো উৎসর্গ করতেও অকৃপণ। আমাদের দেশে এই গানের ধারা পরিচিত হতে থাকে ‘পপসংগীত’ নামে—পশ্চিমি দেশগুলোর ঢঙেই।মোটামুটিভাবে আজম খানের হাতেই আমাদের দেশে পপ তথা ব্যান্ডসংগীতের সূচনা। এ জন্য পপগায়কেরা আজম খানকে এখনো ‘গুরু’র সম্মান দেন।১৯৭৫-এর শেষ দিকে এক ঘণ্টার অনুষ্ঠান হিসেবে শুরু হলো ‘সপ্তবর্ণা’। কিছুদিন যেতে না যেতেই দর্শকদের মাতামাতির কেন্দ্রবিন্দুতে চলে এল এ অনুষ্ঠান। অনুষ্ঠানের জনপ্রিয়তার কারণে টেলিভিশন কর্তৃপক্ষ এক ঘণ্টার এই সাপ্তাহিক অনুষ্ঠানটি ৭৫ মিনিটের করে দিল। সপ্তবর্ণার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে আমি প্রায় বেপরোয়া হয়ে উঠেছিলাম। আমার দিনরাত্রির সব ভাবনাচিন্তা ও আনন্দে এ যেন আগুন ধরিয়ে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই টের পেলাম, আমার হাত-পা অসাড় হয়ে পড়ছে, শরীর দুর্বল আর ক্লান্ত। অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলাম। শেষ অনুষ্ঠানটি আয়োজিত হলো বিশাল পরিসরে। মোট সোয়া তিন ঘণ্টার অনুষ্ঠান। যেসব ধাঁধা, কৌতুক, নাটিকা, গান, চুটকি হাতে জমা ছিল, তার সেরা জিনিসগুলো দিয়ে অনুষ্ঠানটি সাজিয়ে তোলা হলো। প্রতিটি বিষয়ই রঙ্গরসে, আনন্দে, গানে জমজমাট ছিল বলে অনুষ্ঠানজুড়ে চলল খুশির হিল্লোল। দর্শক মনপ্রাণ ভরে প্রতিটি মুহূর্ত উপভোগ করল। প্রায় প্রতিটা বিষয়ই হিট করল। পপ ও অন্য গায়কেরাও তাঁদের সেরা গানগুলো দিয়ে জমিয়ে তুললেন আসর। প্রায় প্রতিটা পর্ব হিট হওয়ায় অনুষ্ঠান সাফল্যের তুঙ্গে উঠল। সবচেয়ে হিট করল আজম খানের নতুন গান ‘আলাল ও দুলাল’। এর শুরুটা এ রকম: আলাল ও দুলাল/তাদের বাবা হাজি চান/চানখাঁরপুলে প্যাডেল মেরেপৌঁছে বাড়ি।ওই অনুষ্ঠানের পর গানটা বছর কয়েক ধরে ছিল জনপ্রিয়তার শীর্ষে। গানটিতে তিনি যখন দীর্ঘ টান দিয়ে তীক্ষ্ন বিষণ্ন সুরে ‘আলাল কই দুলাল কই’ কথাগুলো গাইতেন, তখন সেই উৎকণ্ঠিত পিতৃহূদয়ের আর্তস্বর আর নিঃসঙ্গতার করুণ ধ্বনিটি যেন সবাই শুনতে পেত। আশ্চর্য সুন্দর ভঙ্গিতে গানটা পরিবেশন করেছিলেন আজম। নিজের জায়গায় দাঁড়িয়ে মৃদু দৌড়ের ভঙ্গি করে হাত দুটো সাইকেলের প্যাডেলের মতো সামান্য ঘোরাতে ঘোরাতে তিনি এমনভাবে গাইছিলেন যে দর্শক সেই চলন্ত সাইকেলের গতিটা ওঁর চলার ভেতর দেখতে পাচ্ছিল। আগেই বলেছি, বাংলাদেশে পপসংগীত শুরু করেন আজম খান। কিন্তু আমার অনেকবারই মনে হয়েছে, কেবল পপগানের সূচনা করেছিলেন বলেই তাঁকে গুরু বলা উচিত নয়। আরেকটা কারণ আছে ওঁর সাফল্যের। এ পর্যন্ত যত পপ বা ব্যান্ডগায়ক মঞ্চে গান গেয়েছেন, তাঁদের মধ্যে স্টেজ পারফরম্যান্সে ওঁকে কেউ আজও ছাড়িয়ে যেতে পারেননি। মাত্র দুবার ওঁকে আমি মঞ্চে গান গাইতে দেখেছি—সে যে কী অবিশ্বাস্য দৃশ্য, বলে বোঝানো কঠিন। আমাদের অতি চেনা আজম খান নয় যেন তিনি তখন। যেন কোনো বিস্ময়কর জাদুকর। গাওয়ার সময় তিনি যে এমন বেশি কিছু করেন তা নয়, কিন্তু ওঁর প্রতিটা অঙ্গভঙ্গির সঙ্গে ওঁর হাত-পা বা সারা শরীরে গানের বেদনা আর যন্ত্রণাগুলো এমন আশ্চর্য জীবন্ত হয়ে উঠতে থাকে আর সেসব অঙ্গভঙ্গির সামান্যতম পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণ দর্শকেরা উল্লাসে, চিৎকারে, আনন্দে, উত্তেজনায় এমন অসুস্থ আর উন্মত্তের মতো করতে থাকে যে ভাবতে ইচ্ছা করে আজমের ওপর এই মুহূর্তে কোনো অশরীরী শক্তি ভর করেছে।[লেখকের ‘আমার উপস্থাপক জীবন’ গ্রন্থ থেকে নেওয়া অংশবিশেষ]