বিস্ময়ে দেখা 'ফু ফাইটার্স'

ব্যাংককে গানস এন রোজেস নিয়ে অভিজ্ঞতার খুব বেশি দিন হয়নি। এখনো সেই আনন্দ মন থেকে দূর হয়নি। এরই মধ্যে এবিসি রেডিও এফএম ৮৯.২ আরেকটি উদ্যোগ নেয়। শ্রোতাদের সুযোগ করে দেয় বিশ্বের সেরা ব্যান্ড ফু ফাইটার্সের কনসার্ট দেখার! থাইল্যান্ডের আয়োজক ‘জ্যাম’-এর সঙ্গে যৌথভাবে এবিসি রেডিও ৮৯.২ কনটেস্টের মাধ্যমে নির্বাচিত কিছু ফু ফাইটার্স ভক্ত সুযোগ পায় সরাসরি এ কনসার্ট দেখার! তাদের সঙ্গে এবিসি রেডিও আমন্ত্রণ জানায় জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, লিঙ্কন ডি কস্তা, রায়েফ আল হাসান রাফা ও জামশেদ চৌধুরীকেও। সবাই মিলেই ব্যাংককে উপভোগ করি ফু ফাইটার্সের এই কনসার্ট। বিজয়ী, আমন্ত্রিত অতিথি এবং এবিসির কর্মীরা ইউএস বাংলা এয়ারলাইনসে ২৩ আগস্ট, বুধবার সকালে ব্যাংককের উদ্দেশে রওনা দেন। কনসার্ট ছিল পরের দিন। আগে যেহেতু পুরো এক দিন সময় পাওয়া গিয়েছে, তাই সবাই মিলে ব্যাংকক ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেন। শহরজুড়ে ঘুরে বেড়ালেও সবারই মন পড়ে ছিল পরের দিনের কনসার্টে! ঘোরাঘুরির চেয়ে সবার আলোচনাই ছিল কনসার্ট নিয়ে। অবশেষে অপেক্ষার পালা ফুরোয়! ২৪ আগস্ট বিকেলে আসে সেই কাঙ্ক্ষিত সময়। ব্যাংককের ‘ইম্প্যাক্ট চ্যালেঞ্জ হল’-এ শুরু হবে ফু ফাইটার্সের ঐতিহাসিক কনসার্ট।

নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া কনসার্টের শুরুতে স্টেজে ওঠে স্থানীয় দুটি ব্যান্ড দল ‘ইবোলা’ ও ‘সিলি ফুলস’। দুটোই সেখানে খুব জনপ্রিয়। থাই ও ইংলিশ দুই ভাষাতেই তাদের দারুণ দখল। তারা মাতিয়ে রাখে দর্শকদের। তারপর ঘণ্টা খানেক শব্দযন্ত্র পরীক্ষার পর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মঞ্চের সিঁড়ি মাড়িয়ে একে একে মঞ্চে আসেন ফু ফাইটার্সের সদস্যরা। ‘অবশেষে, দীর্ঘ ২০ বছর পর!’ কথা শুরু করেন ডেভ গ্রোহল। তারপর খুব বেশি কথা বলেন না। শুরু করেন গান। ‘এভারলং’ গানটি দিয়ে শুরু করেন পরিবেশনা। দর্শকদের মনে তখন শিহরণ। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছেন না অনেকেই। আসলেই ডেভ গ্রোহল তো? আসলেই চোখের সামনে ফু ফাইটার্স? যেন বিশ্বাসই হচ্ছিল না উপস্থিত ভক্তদের! ফু ফাইটার্সও তখন একনাগাড়ে গাইতে থাকে তাদের জনপ্রিয় সব গান। যেমন: ‘মাঙ্কি রেঞ্চ’, ‘লার্ন টু ফ্লাই’, ‘সামথিং ফ্রম নাথিং’, ‘দ্য প্রিটেন্ডার’ ইত্যাদি।
এর আগে ১৯৯৬ সালে সর্বশেষ ব্যাংককে এসেছিল ফু ফাইটার্স। সঙ্গে ছিল ‘বিস্টি বয়েজ’ ও ‘সনিক ইয়ুথ’। তখন অবশ্য তাদের ছিল হাতে গোনা কিছু গান। এবার ডজন খানেক গান নিয়ে ফু ফাইটার্স মাতিয়ে তোলে উপস্থিত দর্শকদের। ডেভ গ্রোহল তাদের ‘বিগ মি’ ও ‘আই উইল স্টিক অ্যারাউন্ড’ ব্যান্ডের সব পুরোনো ভক্তদের উৎসর্গ করে গান ধরেন। ব্যান্ডটির ড্রামার টেইলর হকিন্স গায় ‘কোল্ড ইন দ্য সান’ ও ব্যান্ডের অপ্রকাশিত নতুন অ্যালবাম কনক্রিট অ্যান্ড গোল্ড থেকে ‘সানডে রেইন’ গান দুটি। তারপর আবার ডেভ গ্রোহল গাওয়া শুরু করেন ‘রান’ ও ‘দ্য স্কাই ইন দ্য নেইবারহুড’ গান দুটি। ব্যান্ডটি পুরো আড়াই ঘণ্টা তাদের গান পরিবেশনা শেষ করে শ্রোতাদের সঙ্গে ‘বেস্ট অব ইউ’ গানটি গেয়ে। ভেন্যুতে উপস্থিত সবাই তখন বিস্ময়ের ঘোরে। আর এবিসির বিজয়ীরা স্বপ্ন সত্যি হওয়ার রোমাঞ্চে শিহরিত।
এবার ফেরার পালা। পুরো এবিসির দলটা বাংলাদেশে ফিরে আসে ২৬ আগস্ট শনিবার। কিন্তু তখনো যেন সবাই ফু ফাইটার্সের ঘোরের মধ্যে!
উল্লেখ্য, এবিসি রেডিও এফএম ৮৯.২-এর এ রকম আন্তর্জাতিক কনসার্টে ‘ওভারসিজ রেডিও পার্টনার’ হওয়ার যাত্রা শুরু করেছে মাত্র। পরিকল্পনা আছে আরও বেশি বেশি আন্তর্জাতিক কনসার্টের ‘ওভারসিজ রেডিও পার্টনার’ হওয়ার।
পুরো ট্রিপের যাবতীয় অভিজ্ঞতাসহ বিভিন্ন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স নিতে চোখ রাখুন এবিসি রেডিও এফএম ৮৯.২-এর ফ্যান পেজে। www.facebook.com/abcradiofm89.2
পুরো আয়োজনটিতে নিরন্তর সহযোগিতার জন্য এবিসি রেডিও ৮৯.২ ‘ইউএস বাংলা এয়ারলাইনস’, ‘জ্যাম’ ও ‘মিরাকেল’-এর প্রতি কৃতজ্ঞ।