‘ট্রাভেলিং ফিল্ম সাউথ এশিয়া’ উৎসবে আজ বিকেল পাঁচটা ১৫ মিনিটে দেখানো হবে দ্য প্রমিজড ল্যান্ড বা স্বপ্নভূমি প্রামাণ্যচিত্র। ছবিটি এরই মধ্যে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে চলছে এ উৎসব। ছবিটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। আজকের কথোপকথন তাঁর সঙ্গে। ‘স্বপ্নভূমি’ ছবিটা নির্মাণের ব্যাপারে আগ্রহী হলেন কেন?সাতচল্লিশের দেশভাগের ফলে ভারতের বিহার ও অন্যান্য অঞ্চল থেকে আসা উর্দুভাষীরা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। বাঙালিদের বিরুদ্ধে অনেক নৃশংস হত্যাকাণ্ড ও অমানবিক ঘটনা ঘটানোর জন্য এই সম্প্রদায়ের পুরুষেরা জড়িত ছিল। তবে বর্তমানে জেনেভা ক্যাম্পসহ বাংলাদেশের প্রায় ১১৬টি ক্যাম্পের ৭০ ভাগ মানুষেরই জন্ম ১৯৭১ সালের পরে। তা ছাড়া বিহারি নারী ও শিশুদের কী দোষ? প্রায় ৩৮ বছর ধরে ওরা নাগরিকত্বহীন ও সব ধরনের মানবিক অধিকারবঞ্চিত অবস্থায় ক্যাম্পের আট-বাই-আট ফুট ঘরগুলোতে বাস করে আসছে। বাংলাদেশের বিহারিরা আসলে জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের ভুয়া দর্শনটার সবচেয়ে বড় উদাহরণ। সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টির কারণ হিসেবে বলা হয়েছিল, ভারতবর্ষের সব মুসলমান ‘এক জাতি’। কিন্তু পাকিস্তান এখন ওদের মনে করে, ওরা ‘বিহারি’, ‘পাকিস্তানি’ নয়! এখন এই উপমহাদেশের মুসলমানেরা যদি ‘বিহারি’, ‘পাঞ্জাবি’, ‘সিন্ধি’, ‘বেলুচি’ এভাবেই চিহ্নিত হয়ে থাকে, তাহলে ‘পাকিস্তান’ নামে মুসলমানদের জন্য আলাদা একটা কৃত্রিম রাষ্ট্র বানানোর দরকারটা কী ছিল? অখণ্ড ভারতবর্ষই তো থাকতে পারত! যা হোক, ক্যাম্পগুলোতে বিহারিদের দুরবস্থা দেখে আমি বেশ আগে ‘বৃদ্ধা বিহারী’ নামে একটা কবিতা লিখেছিলাম। পরে মনে হয়েছে, যেহেতু আমি ছবি তৈরি করি, সেহেতু ওদের নিয়ে আমার একটা প্রামাণ্যচিত্র তৈরি করা উচিত। প্রামাণ্যচিত্রটির কাজ কোথায় করেছেন?ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মিরপুরের ক্যাম্পগুলোতে, চট্টগ্রাম শহর, খুলনার খালিশপুরে, সৈয়দপুর, রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, বগুড়া, ঈশ্বরদী, নারায়ণগঞ্জের আদমজী ও পাকশীতে শুটিং হয়েছে।প্রামাণ্যচিত্রটি তৈরির কিছু অভিজ্ঞতার কথা বলুন।এই সম্প্রদায়ের মধ্যে এখনো কিছু পাকিস্তানপন্থী রয়ে গেছে। তাদের বাধার কারণে আমরা বেশ কয়েকটা ক্যাম্পে ভালোভাবে শুটিং করতে পারিনি। এখন কী কাজ করছেন?আমি বেশ কিছু দিন ধরে ১৯৭১ নামে গবেষণামূলক একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি। ছবিটাতে ১৯৭১ সালে এ দেশে সংঘটিত গণহত্যা, নারী নিপীড়ন, শরণার্থী, প্রতিরোধ যুদ্ধ, কূটনীতি ও রাজনীতি—সবটাই থাকবে। এখন আমরা ছবিটির শেষ পর্যায়ে রয়েছি। এ ছাড়া আমার পরবর্তী কাহিনিচিত্র জীবনঢুলী তৈরির প্রস্তুতি নিচ্ছি।